বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

দুঃস্বপ্নের সিরিজ শেষে মিরাজের প্রতিশ্রুতি- ‘এখন সময় ঘুরে দাঁড়ানোর’

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দুঃস্বপ্নের সিরিজ শেষে মিরাজের প্রতিশ্রুতি- ‘এখন সময় ঘুরে দাঁড়ানোর’

টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে দারুণভাবে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই উচ্ছ্বাস টিকল না ওয়ানডেতে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও ভয়াবহভাবে ব্যর্থ হলো মেহেদী হাসান মিরাজের দল। মাত্র ৯৩ রানে অলআউট হয়ে লজ্জার এক রেকর্ড গড়ল বাংলাদেশ-ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন স্কোর। ফলাফল- ২০০ রানের বিশাল ব্যবধানে হার এবং তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ।

সিরিজ শেষে হতাশ বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সরাসরি স্বীকার করলেন ব্যর্থতার কথা, ‘আমরা স্বীকার করছি যে এই সিরিজে আমরা ভালো খেলতে পারিনি। আমাদের ভুল হয়েছে অনেক। আমরা রান করতে পারিনি এবং যেসব সুযোগ পেয়েছি সেগুলো কাজে লাগাতে পারিনি। তাদের বোলিং আক্রমণ ভালো ছিল, তবে আমাদের এর চেয়েও ভালো খেলতে হতো। দলের সবাই একমত যে আমরা ভালো পারফর্ম করতে পারিনি।’

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে যেন ছিল পতনের মিছিল। তৃতীয় ওয়ানডেতে সাইফ হাসান একাই করেন ৪৩ রান। বাকিদের কেউই পৌঁছাতে পারেননি দুই অঙ্কে। দলের বাকি ১০ ব্যাটারের রান ছিল ফোন নম্বরের মতো-৭, ৩, ৭, ৬, ০, ২, ৪, ৫, ৯ ও ২। ম্যাচ শেষে মিরাজের কণ্ঠে তাই শোনা যায় হতাশার সুর, তবে সঙ্গে ভবিষ্যতের চিন্তাও, ‘আমরা কিছু নির্দিষ্ট দিক নিয়ে চিন্তিত। আপনি যদি রান করতে না পারেন, তাহলে জেতা সম্ভব নয়। ব্যাটিংয়ের শুরু থেকে মাঝের দিক পর্যন্ত সবাইকে দায়িত্ব নিতে হবে। এখন আমাদের নজর দিতে হবে পরের সিরিজের দিকে।’

মিরাজের দল পুরো সিরিজে একবারও ৫০ ওভার ব্যাট করতে পারেনি। তিনি এটিকে দীর্ঘ সময় পর ওয়ানডে খেলার প্রভাব বলেও ব্যাখ্যা করেছেন, ‘প্রথমত, আপনাকে ৫০ ওভার খেলার সামর্থ্য রাখতে হবে। এই সিরিজে আমরা কোনো ম্যাচেই সেটা করতে পারিনি। আমরা অনেকদিন পর ৫০ ওভারের ক্রিকেট খেলেছি। এখন সবাই ভাবছে কীভাবে প্রতিটি ম্যাচে আরও ভালো করা যায়।’

পরিসংখ্যানই বলে দিচ্ছে, ওয়ানডেতে বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা হতাশাজনক। সর্বশেষ ১২ ম্যাচের ১১টিতে হেরেছে দল, টানা চারটি সিরিজ হারের পাশাপাশি নেমে গেছে র‍্যাঙ্কিংয়েও-৭৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন তারা আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে। নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৮০। আসছে সিরিজে সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মাঠে নামবে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে ২০২৭ সালের মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ের সেরা নয় দলের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। সামনে ২৩টি ওয়ানডে বাকি থাকলেও বর্তমান পারফরম্যান্সে কাজটা হবে কঠিন। তৃতীয় ওয়ানডেতে আফগানদের কাছে ২০০ রানে বিধ্বস্ত হওয়ার পর মিরাজ বলেন, ‘আমরা ব্যাটিং নিয়ে বেশ চিন্তিত। রান করতে না পারলে জেতা সম্ভব না। টপ ও মিডল অর্ডার ব্যাটারদের ধারাবাহিকভাবে রান করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কীভাবে ভালো করা যায়, সেটা নিয়েই আমরা এখন ভাবছি, এখন সময় ঘুরে দাঁড়ানোর।’

ওয়ানডেতে এই নিয়ে ছয়বার ২০০ বা তার বেশি রানে হেরেছে বাংলাদেশ। ২০০০ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩৩ রানে হারের পর এই আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের হার বাংলাদেশের ইতিহাসে অন্যতম লজ্জার হার হিসেবে জায়গা করে নিল।

বকেয়া কর আদায়ে ভিন্ন পথ: কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার ঘোষণা

আজিজুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
বকেয়া কর আদায়ে ভিন্ন পথ: কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার ঘোষণা

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর পৌরসভার প্রশাসক মো. ইয়াসিন খন্দকার। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বকেয়া কর আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নাগরিকদের ওপর চাপ সৃষ্টি না করে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, মেলায় করদাতাদের জন্য বিশেষ ছাড় বা প্রণোদনার বিষয়টি বিবেচনায় রয়েছে, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বকেয়া পরিশোধে আগ্রহী হন।

পৌর প্রশাসক বলেন, “পৌরসভা আমাদের সবার। সময়মতো পৌরকর পরিশোধ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা চাই, এই মেলার মাধ্যমে মানুষ সহজ ও আনন্দঘন পরিবেশে তাদের বকেয়া পরিশোধ করুক।” এ লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা মেলার প্রচার-প্রচারণা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ঐতিহাসিক সিদ্ধান্ত, ফেরিঘাটে ১০ দিন টোলমুক্ত পারাপার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ঐতিহাসিক সিদ্ধান্ত, ফেরিঘাটে ১০ দিন টোলমুক্ত পারাপার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ও মিঠামইন ফেরিঘাটে দীর্ঘদিনের টোল আদায় সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ দিন এই দুটি ফেরিঘাট দিয়ে কৃষকদের যাতায়াতে কোনো প্রকার টোল বা টাকা নেওয়া হবে না।

সম্প্রতি বালিখোলা ফেরিঘাটে অতিরিক্ত ও অবৈধ টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বোরো মৌসুমে ধান পরিবহনের সময় এমন হয়রানিতে চরম ভোগান্তিতে পড়েন কৃষকরা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের উচ্চপর্যায়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

কৃষকদের এই দুর্ভোগ লাঘবে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক এবং জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলের সমন্বয়ে ইজারাদারদের সঙ্গে আলোচনা করে টোলমুক্ত রাখার এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল সরেজমিনে ফেরিঘাট পরিদর্শন করে সংশ্লিষ্ট ইজারাদারদের সঙ্গে কথা বলেন এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে বিষয়টির নিষ্পত্তি করেন। তিনি জানান, বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান নির্বিঘ্নে পরিবহনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “কৃষকদের স্বার্থে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত টোল আদায় বা জোরপূর্বক টাকা নেওয়ার ঘটনা সহ্য করা হবে না। প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, ধান কাটার মৌসুমে ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছিল, যা তাদের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছিল। টোলমুক্ত সিদ্ধান্তে তাদের খরচ কমবে এবং ফসল পরিবহন সহজ হবে।

বিশেষজ্ঞদের মতে, হাওরাঞ্চলে কৃষি উৎপাদন ও বাজারজাতকরণে পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় কৃষকের লাভের অংশ কমিয়ে দেয় এবং বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে।

প্রশাসনের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত শুধু সাময়িক স্বস্তিই নয়, বরং কৃষিবান্ধব নীতিনির্ধারণের একটি ইতিবাচক উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে ফেরিঘাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নির্ধারিত টোল কাঠামো এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

অষ্টগ্রাম হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা পরিষদ প্রশাসক

আলী রহমান খান প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অষ্টগ্রাম হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা পরিষদ প্রশাসক

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সরাসরি কৃষকদের জমিতে গিয়ে তাদের ক্ষয়ক্ষতির চিত্র দেখেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে তাদের অধিকাংশ জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। অনেকেই সারা বছরের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল কৃষকদের সান্ত্বনা দিয়ে বলেন, সরকার হাওরাঞ্চলের কৃষকদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “হাওরের কৃষকরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ করছি।”

প্রশাসকের এই মাঠপর্যায়ের উপস্থিতি ও আশ্বাসে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান স্বপন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু,ইটনা উপজেলা বিএনপির সিনয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজামুল হক নজরুল, শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।