৭ নভেম্বরের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার আহ্বান কটিয়াদীতে
কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দিবসটির ঐতিহাসিক তাৎপর্য, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় ঐক্য, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে এর গুরুত্ব তুলে ধরেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ও হাজী মোহাম্মদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন কটিয়াদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু, সাংগঠনিক সম্পাদক মো. জজ মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. এখলাছ উদ্দিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের চেতনা ধারণের ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় ইতিহাসে এর গুরুত্ব নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে। এ দিনকে কেন্দ্র করে জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দেশের রাজনৈতিক গতিপথ নিয়ে নানা ঐতিহাসিক আলোচনা ও মূল্যায়ন রয়েছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করা প্রয়োজন। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি, শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।










Disqus comments are not configured yet.