হোসেনপুরে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস ও ঐতিহাসিক ঘটনাবলির গুরুত্ব তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীদের পরিবেশনায় বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা।
দিনব্যাপী কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের মধ্যে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ম্যাচটি অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি ১-১ গোলে ড্র হয়। খেলা চলাকালে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উভয় দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে হোসেনপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।










Disqus comments are not configured yet.