মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

গুদাম ছাড়াই সারের ডিলারশিপ! কটিয়াদীতে খোকন এন্টারপ্রাইজ ঘিরে বিতর্ক

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
গুদাম ছাড়াই সারের ডিলারশিপ! কটিয়াদীতে খোকন এন্টারপ্রাইজ ঘিরে বিতর্ক

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে খোকন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খোকন মিয়ার (৫৫) বিরুদ্ধে। স্থানীয় কৃষক ও বাসিন্দাদের প্রশ্ন, প্রয়োজনীয় গুদাম সুবিধা নিশ্চিত না করেই কীভাবে প্রতিষ্ঠানটি সার ডিলারশিপ পেল? তাঁদের অভিযোগ, ডিলারশিপের জন্য দেখানো স্থানে সার সংরক্ষণ ও বিতরণের উপযোগী পর্যাপ্ত অবকাঠামো রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকন মিয়া দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি তাঁর মালিকানাধীন খোকন এন্টারপ্রাইজকে সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ডিলারশিপের জন্য দেখানো স্থানে সার সংরক্ষণের উপযোগী পর্যাপ্ত গুদাম রয়েছে কি না, তা নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট স্থানে মুদি দোকানের কার্যক্রম চললেও সার সংরক্ষণ ও বিতরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করা হয়নি। কৃষকদের প্রশ্ন, পর্যাপ্ত গুদাম সুবিধা ছাড়া কীভাবে সার সংরক্ষণ ও বিক্রির কার্যক্রম পরিচালিত হবে? এতে সারের গুণগত মান বজায় রাখা এবং কৃষকদের কাছে যথাসময়ে সার পৌঁছে দেওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, বসতবাড়িসংলগ্ন মুদি দোকানকে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে এবং পর্যাপ্ত গুদাম সুবিধা নিশ্চিত না করেই ডিলারশিপ নেওয়া হয়েছে। ডিলার নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা অনিয়ম কাজ করেছে কি না, তা-ও তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

ডিলারশিপ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে খোকন মিয়া তাঁর আবেদনের সময়কার পরিস্থিতি তুলে ধরে বলেন, “আমি যখন ডিলারশিপের জন্য আবেদন করি, তখন আমার মুদি দোকান ছিল। কৃষি কর্মকর্তারা পরিদর্শনে এলে তাঁদের বলেছিলাম, এটি আমার মুদি দোকান। আমাকে ডিলারশিপ দেওয়া হলে দোকানটি ভেঙে এখানেই সারের গোডাউন তৈরি করব।” এ সময় তিনি তাঁর বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে বলেও স্বীকার করেন।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, “সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা হয়েছে। তবে খোকন এন্টারপ্রাইজের নামে যেহেতু অভিযোগ এসেছে, বিষয়টি আমরা খতিয়ে দেখব। নিয়মনীতি লঙ্ঘন করে কিংবা উপযুক্ত গুদামজাতকরণ সুবিধা ছাড়া ডিলারশিপ দেওয়া হয়ে থাকলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা যখন পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে একটি বড় ঘর দেখেছি। এখন হয়তো তিনি সেটি ভেঙে অন্য কিছু তৈরি করতে পারেন। খোকন এন্টারপ্রাইজের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে, আমরা সরেজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

অন্যদিকে, গৌরীপুর গ্রামটি সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে অবস্থিত হওয়ায় সেখান থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষকদের সার সংগ্রহে অতিরিক্ত ভোগান্তি পোহাতে হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, ডিলার নিয়োগের ক্ষেত্রে শুধু কাগজপত্র নয়, গুদামের বাস্তব অবস্থা, সার সংরক্ষণের সক্ষমতা এবং কৃষকদের যাতায়াতের সুবিধাও বিবেচনায় নেওয়া জরুরি।

স্থানীয় কৃষক ও সচেতন নাগরিকেরা খোকন এন্টারপ্রাইজের ডিলারশিপের আবেদনপত্র, নিয়োগের শর্ত, সরেজমিন পরিদর্শনের প্রতিবেদন এবং বর্তমানে গুদামের বাস্তব অবস্থা যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু সরবরাহ এবং সরকারি নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বন্দি বিনিময় চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বন্দি বিনিময় চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে করা একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে ধরে আনতে চাই। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তাঁর অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটা আমাদের সংবিধানেই আছে।’

পাসপোর্ট চাওয়ার বিষয়টি শেখ হাসিনার কোনো কৌশল কি না, তা সরকার খতিয়ে দেখবে বলেও জানান তিনি। তথ্য উপদেষ্টা বলেন, ‘তিনি পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি ল ফার্মের মাধ্যমে অনুরোধ জানানো হয়েছে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘হাসিনাকে কী প্রক্রিয়ায় দেশে আনা হবে, তা এখানে গুরুত্বপূর্ণ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাঁকে দেশে ফিরতে হবে।’

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, গার্মেন্ট শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে।

দেশের বিভিন্ন এলাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘মাফিয়া দল তাদের অর্থায়ন থামায়নি। সরকার খুব দ্রুত তাদের ধরবে।’

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি পাবেন ১১২ বাংলাদেশি

মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ প্রার্থীর সাক্ষাৎকারের তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাঁদের মধ্য থেকে ১১২ জন বাংলাদেশি বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির সুযোগ পাবেন।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থী নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্র্যাকটিক্যাল ও মৌখিক সাক্ষাৎকার নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী মিলনায়তনে উপস্থিত হতে বলা হয়েছে। ঠিকানা: ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা।

সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রত্যেক প্রার্থীকে নিজের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র, মূল পাসপোর্ট এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।

মূল পাসপোর্ট ছাড়া কোনো প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে না। প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারস্থলে উপস্থিত হতে হবে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে না।

এ ছাড়া প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে সাক্ষাৎকারে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে বোয়েসেল।

যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
যুদ্ধ বন্ধে ভারতের সহযোগিতা চান জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের দুই দিনের শান্তি আলোচনা শুরুর আগে তাঁদের মধ্যে এ যোগাযোগ হয়।

ফোনালাপে কৃষ্ণসাগর দিয়ে রাশিয়ার শস্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি উঠে আসে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, খাদ্য করিডর গঠনে মধ্যস্থতার বিষয়ে ভারত প্রস্তুতির কথা জানিয়েছে।

মোদি শান্তিপূর্ণ সমাধানে সম্ভাব্য সব উপায়ে অবদান রাখার ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং ভারত-ইউক্রেন সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে একমত হন।

জেলেনস্কি মোদিকে সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির বিষয়েও অবহিত করেন। যুদ্ধ বন্ধে ভারতের সম্ভাব্য ভূমিকা এবং অন্যান্য নেতার সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

খাদ্য নিরাপত্তাকে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন জেলেনস্কি। অবরুদ্ধ সমুদ্রপথ বিশ্ব অর্থনীতি ও বহু মানুষের ওপর প্রভাব ফেলছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়সহ অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যুতে দুই দেশের প্রতিনিধিরা যোগাযোগ অব্যাহত রাখবেন।