ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির ফয়সল আমীনের জয়
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
আজ রাত ৯টা ৪৫ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম।
বেসরকারিভাবে নির্বাচিত মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) আসনটি শূন্য ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটিতে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৩৩০। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৯ হাজার ৫টি। বাতিল হয়েছে ৫ হাজার ৩২৫টি ভোট। প্রদত্ত ভোটের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ। বিভিন্ন ধরনের কারিগরি ও নিয়মগত ত্রুটির কারণে এসব ভোট বাতিল হয়েছে বলে জানানো হয়েছে।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাত সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন মির্জা ফয়সল আমীন। এ সময় তিনি ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
তিনি বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনে তিনি সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।
মির্জা ফয়সল আমীন আরও বলেন, ‘এই বিজয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। এ বিজয় সাধারণ মানুষের বিজয়। এই বিজয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বিজয়।’









Disqus comments are not configured yet.