শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগ গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে নতুন বিভাগ গঠনের প্রস্তাব

কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া—এই তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়া। প্রস্তাবিত বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি তুলে ধরেন কবির আহমেদ ভূঁইয়া।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে নতুন বিভাগ গঠন করা হলে প্রায় ৮৯ লাখ মানুষ বিভাগীয় প্রশাসনিক সুবিধার আওতায় আসবেন। তাঁর প্রস্তাব অনুযায়ী, নতুন বিভাগে তিন জেলার মোট ৩১টি উপজেলা অন্তর্ভুক্ত থাকবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারির তথ্য তুলে ধরে পোস্টে বলা হয়, কিশোরগঞ্জ জেলার জনসংখ্যা ৩২ লাখ ৬৭ হাজার ৬২৬, হবিগঞ্জের ২৩ লাখ ৫৮ হাজার ৮৮৬ এবং ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তিন জেলার মোট জনসংখ্যা ৮৯ লাখ ৩৩ হাজার ৭১। প্রস্তাবিত বিভাগটির সম্মিলিত আয়তন ৭ হাজার ২০০ বর্গকিলোমিটারের বেশি বলেও উল্লেখ করেন তিনি।

নতুন বিভাগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে কবির আহমেদ ভূঁইয়া বলেন, কিশোরগঞ্জের হাওর, কৃষি ও মৎস্যসম্পদ, হবিগঞ্জের গ্যাস, চা ও শিল্পাঞ্চল এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থা সমন্বিতভাবে কাজে লাগানো গেলে শক্তিশালী আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

তাঁর মতে, নতুন বিভাগ গঠিত হলে তিন জেলার মানুষের বিভাগীয় পর্যায়ের সরকারি সেবা গ্রহণ সহজ হবে। পাশাপাশি উন্নত চিকিৎসা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান, শিল্পায়ন, কৃষি ও মৎস্য খাতের বিকাশ এবং যোগাযোগব্যবস্থার সম্প্রসারণেও নতুন সম্ভাবনা তৈরি হবে।

প্রস্তাবিত বিভাগের সদর দপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় স্থাপনের পক্ষে জেলার ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। বিশেষ করে আশুগঞ্জ নদীবন্দর, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পাঞ্চল, আখাউড়া স্থলবন্দর এবং ঢাকা-চট্টগ্রাম রেল ও সড়ক যোগাযোগব্যবস্থাকে সম্ভাব্য বিভাগের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে তুলে ধরেন।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দিয়ে আলোচনায় আসেন কবির আহমেদ ভূঁইয়া। প্রস্তাবিত ইউনিয়নগুলো হলো—রামরাইল, সিঙ্গারবিল, সুলতানপুর, বাসুদেব ও বরিশল।

এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়। চিঠিতে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করে মতামতসহ প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়। জানা যায়, কবির আহমেদ ভূঁইয়া ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ বিষয়ে আবেদন করেন। পরদিন ৯ সেপ্টেম্বর সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চেয়ে চিঠি জারি করা হয়।

তবে নতুন উপজেলা গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিতর্ক দেখা দেয়। প্রস্তাবের বিরোধিতা করে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এসব কর্মসূচি থেকে প্রস্তাবটির সমালোচনা করেন আন্দোলনকারীরা।

নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার তিন জেলা নিয়ে ‘ব্রাহ্মণবাড়িয়া বিভাগ’ গঠনের দাবি তুলে নতুন করে আলোচনায় এসেছেন কবির আহমেদ ভূঁইয়া।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি উল্লেখ করেন, তাঁর এ প্রস্তাবের সঙ্গে অনেকের দ্বিমত থাকতে পারে। তবে একজন সচেতন নাগরিক হিসেবে তিন জেলার সমান মর্যাদা, উন্নয়নের সুযোগ ও সমন্বিত প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া বিভাগ গঠন প্রয়োজন বলে তিনি মনে করেন।

কবির আহমেদ ভূঁইয়া তাঁর এ প্রস্তাবকে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেছেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

রেজাউল হক প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ খেলায় সহযোগিতা করে জেলা ক্রীড়া সংস্থা, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থা ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার চর্চা বাড়লে মাদক, চুরি ও ছিনতাইয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখা সম্ভব।

তাঁরা আরও বলেন, জাতীয় দিবসকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্রকে মারধর এবং সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তাঁদের দাবি, ব্যক্তিগত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে নিরপরাধ নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে। এ ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান ও তাঁর ছেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ধূলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া। তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে মামলা থেকে নির্দোষ নেতাকর্মীদের অব্যাহতির দাবি করেন।

লিখিত বক্তব্যে জসিম উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, গত ৪ নভেম্বর রাত আনুমানিক ৭টার দিকে গচিহাটা বাজারে গচিহাটা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আফতাব উদ্দিন জয়কে মারধরের ঘটনা ঘটে। মাদক সেবনের সন্দেহে শাহরিয়ার জামান রানা তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়। মারধরের শিকার হয়ে জয় বাড়িতে ফিরে বিষয়টি তাঁর চাচা মো. তাজুল শাহকে জানান। পরে ভাতিজাকে মারধরের কারণ জানতে এবং ঘটনার প্রতিবাদ জানাতে তাজুল শাহ গচিহাটা বাজারে যান। সেখানে শাহরিয়ার জামান রানার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুল শাহের ছুরিকাঘাতে শাহরিয়ার জামান আহত হন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তা প্রচলিত আইন অনুযায়ী তদন্ত ও বিচারের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। কিন্তু এ ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আগেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর নাম জড়িয়ে মামলা করা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থী আফতাব উদ্দিন জয়কে মারধরের অভিযোগ এবং শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনা- দুটিরই নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে মামলায় অন্তর্ভুক্ত নিরপরাধ ব্যক্তিদের নাম প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আফতাব উদ্দিন জয়ের বড় বোন আফিমা বেগম বলেন, “আমার ছোট ভাই দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী। আখতারুজ্জামান স্যারের ছেলে শাহরিয়ার জামান রানা অন্যায়ভাবে চড় মেরে তাকে আহত করেছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

এ সময় বক্তব্য দেন সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সহসভাপতি ও কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. আশরাফ উদ্দিন, কটিয়াদী উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজাদ রহমান মিশর, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আহসান উদ্দিন দয়াল, সিনিয়র সহসভাপতি এস এম মোজাম্মেল হক ইমন এবং সাবেক ইউপি সদস্য আলী হোসেন শাহ।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য আফিমা বেগম, শাহিনসহ পরিবারের অন্যান্য সদস্য এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা মো. আজাদ রহমান মিশর শাহরিয়ার জামানের ওপর হামলার ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্দোষ ব্যক্তিদের নাম মামলা থেকে প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, ব্যক্তিগত বিরোধ বা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা উচিত নয়। তাঁরা পুরো ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রয়াত বিএনপি নেতার মার্কেটের জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত মনিরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
প্রয়াত বিএনপি নেতার মার্কেটের জমি নিয়ে বিরোধ, দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত মনিরের বিরুদ্ধে

কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে প্রয়াত বিএনপি নেতা এ. কে. আমিনুল হকের প্রতিষ্ঠিত ‘লায়লা আঞ্জুমান আরা বেগম সুপার মার্কেট’-এর ১৪ শতাংশ জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকানা দাবি করা প্রয়াত নেতার পরিবার নিরাপত্তা ও সম্পত্তি সুরক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রয়াত এ. কে. আমিনুল হকের স্ত্রী লায়লা আঞ্জুমান আরা বেগম অভিযোগ করেন, গত ৩ নভেম্বর রাতে মার্কেটের প্রবেশপথে থাকা তাঁদের মালিকানাসংবলিত সাইনবোর্ড এবং হাইকোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ-সংক্রান্ত নোটিশবোর্ড খুলে নেওয়া হয়েছে। পরে সেখানে অন্য পক্ষের মালিকানা দাবি করে একটি ব্যানার টাঙানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লায়লা আঞ্জুমান আরা বেগম দাবি করেন, ১৯৯৩ সাল থেকে ১৪ শতাংশ জমিটির বৈধ মালিকানা ও দখল তাঁদের পরিবারের। জমি নিয়ে বিরোধের জেরে জালিয়াতির অভিযোগে ২০২৩ সালে কিশোরগঞ্জের আদালতে ১৫২/২০২৩ নম্বর মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, জমির মালিকানা-সংক্রান্ত বিরোধে হাইকোর্টে দায়ের করা সিভিল রিভিশন মামলা ৩৭৩৭/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল রয়েছে। আদালতের এ আদেশ থাকা সত্ত্বেও মার্কেটের প্রবেশপথ থেকে সাইনবোর্ড ও নিষেধাজ্ঞার নোটিশবোর্ড খুলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লায়লা বেগম পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, জমির মালিকানা সুরক্ষা এবং আদালতের আদেশ বাস্তবায়নে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তাঁর ছেলে এ কে এম আরিফুল হক রনি, সাবেক অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদলসহ মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জমি দখলচেষ্টার অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান মনিরের বক্তব্য পাওয়া যায়নি। জমির মালিকানা নিয়ে মামলা বিচারাধীন থাকায় বিষয়টি আদালতের আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।