শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

ভৈরব স্টেশনে যাত্রীদের মালামাল চুরির চেষ্টা, যুবকের কারাদণ্ড

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভৈরব স্টেশনে যাত্রীদের মালামাল চুরির চেষ্টা, যুবকের কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে যাত্রীদের মালামাল চুরির চেষ্টার অভিযোগে শাহিন মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁকে আটক করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, দুপুর ২টার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষমাণ যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরির চেষ্টা করছিলেন শাহিন মিয়া। এ সময় প্ল্যাটফর্মে দায়িত্ব পালনরত পুলিশের সদস্যদের নজরে এলে তাঁকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ওসি আরও জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে শাহিন মিয়া চুরির চেষ্টার কথা স্বীকার করেন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারিক কার্যক্রম শেষে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ঢাকা রেলওয়ে জেলার আওতাধীন ভৈরব রেলওয়ে থানার হেফাজতে রয়েছেন।

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) ভোর ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে দেশটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। উড়োজাহাজে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের তুলনায় প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে ফ্লাইটটি ছেড়ে যায়।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান তারেক রহমান। সফরকালে ২৭ অক্টোবর দুই দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মৎস্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সফরে দুই দেশের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ ছাড়া বাংলাদেশের দুটি উন্নয়ন প্রকল্পে ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন ইয়েন ঋণসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান।

সফরকালে জাপানের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও আর্থিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ সফরকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির ফয়সল আমীনের জয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির ফয়সল আমীনের জয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

আজ রাত ৯টা ৪৫ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম।

বেসরকারিভাবে নির্বাচিত মির্জা ফয়সল আমীন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) আসনটি শূন্য ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আসনটিতে ভোটগ্রহণ চলে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মোট ভোটকেন্দ্র ছিল ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৩৩০। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৯ হাজার ৫টি। বাতিল হয়েছে ৫ হাজার ৩২৫টি ভোট। প্রদত্ত ভোটের হার ৬৪ দশমিক ৮১ শতাংশ। বিভিন্ন ধরনের কারিগরি ও নিয়মগত ত্রুটির কারণে এসব ভোট বাতিল হয়েছে বলে জানানো হয়েছে।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাত সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে বক্তব্য দেন মির্জা ফয়সল আমীন। এ সময় তিনি ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে আগামী দিনে তিনি সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

মির্জা ফয়সল আমীন আরও বলেন, ‘এই বিজয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। এ বিজয় সাধারণ মানুষের বিজয়। এই বিজয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বিজয়।’

বগি ছুটে যাওয়ার ঘটনায় প্রশ্ন করতেই সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
বগি ছুটে যাওয়ার ঘটনায় প্রশ্ন করতেই সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন ছাড়াই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি গড়িয়ে প্ল্যাটফর্মের বাইরে চলে যাওয়ার ঘটনায় সহকারী স্টেশন মাস্টারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সাংবাদিকদের অভিযোগ, বক্তব্য জানতে চাইলে সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ভূঞা তাঁদের বলেন, ‘আপনাদের কোন তথ্য দিতে আমি বাধ্য নই।’ একপর্যায়ে তিনি সাংবাদিকদের কেবিন থেকে চলে যেতে বলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সাংবাদিকেরা। তাঁদের ভাষ্য, কিশোরগঞ্জ এক্সপ্রেসের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পেছনের দিকে গড়িয়ে প্ল্যাটফর্ম অতিক্রম করে আউটার সিগন্যাল এলাকার দিকে চলে যায়। এ সময় ট্রেনের গার্ড উমর আলীর তাৎক্ষণিক পদক্ষেপে বগিগুলো থামানো সম্ভব হয়। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

সাংবাদিকদের অভিযোগ, ঘটনার পর সময় টিভির সাংবাদিকসহ কয়েকজন সংবাদকর্মী সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার কক্ষে গিয়ে তাঁর কাছে ঘটনার বিষয়ে জানতে চান। এ সময় তিনি তথ্য দিতে বাধ্য নন বলে মন্তব্য করেন এবং তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের কক্ষ থেকে বেরিয়ে যেতে বলেন বলেও অভিযোগ করেন তাঁরা।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউছুফ জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস বিকেল ৫টা ২০ মিনিটে কুলিয়ারচর স্টেশন ছেড়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ভৈরব স্টেশনে পৌঁছায়। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রেনটির ২০ মিনিটের মধ্যে ভৈরবে পৌঁছানোর কথা থাকলেও সময় লাগে প্রায় ৫০ মিনিট। এ বিলম্বের কারণ অনুসন্ধান না করেই সহকারী কেবিন মাস্টার মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ইঞ্জিন বিচ্ছিন্ন করার নির্দেশ দেন বলে তিনি জানান।

স্টেশন মাস্টারের বক্তব্য অনুযায়ী, ইঞ্জিন বিচ্ছিন্ন করার পরপরই বগিগুলো স্বয়ংক্রিয়ভাবে পেছনের দিকে গড়িয়ে যেতে শুরু করে এবং প্ল্যাটফর্ম অতিক্রম করে আউটার সিগন্যাল এলাকায় চলে যায়। এ সময় গার্ড দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ভৈরব রেলওয়ে স্টেশনের একাধিক কর্মচারী ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তাঁরা সহকারী স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে ভৈরব থেকে প্রত্যাহারের দাবি জানান। তাঁদের অভিযোগ, এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রয়োজনীয় দক্ষতা ও দূরদর্শিতার ঘাটতি থাকলে তা রেল চলাচলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে সহকারী স্টেশন মাস্টারের আচরণের বিষয়ে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. ইউছুফ দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের আচরণ কারও জন্যই কাম্য নয়। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।