বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
[gtranslate]
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মেজর আখতারের মিথ্যা অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিএনপির সংবাদ সম্মেলন

মাইনুল হক মেনু প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
মেজর আখতারের মিথ্যা অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা, বিএনপির সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের কটিয়াদীতে শারীরিক প্রতিবন্ধী কলেজছাত্রকে মারধর এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাতে আহত করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এসব ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। একই সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামান ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগও করেছেন তাঁরা।

রোববার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পৃথক বক্তব্যে এসব অভিযোগ ও দাবি জানান উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।

সংবাদ সম্মেলনে সভাপতি দিলীপ বলেন, শাহরিয়ার জামান ছুরিকাহত হওয়ার পর মেজর (অব.) আখতারুজ্জামান তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। পরদিন সকালে তিনি ঘটনাটির খোঁজখবর নিয়ে জানতে পারেন, মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে শাহরিয়ার জামান রানাকে তাজুল শাহ নামের এক জামায়াতকর্মী ছুরিকাঘাত করেছেন। তবে এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেন তিনি। একটি বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলারও সমালোচনা করেন দিলীপ।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন বলেন, ছুরিকাঘাতের ঘটনার আগে গত ৪ নভেম্বর রাতে গচিহাটা বাজারে একাদশ শ্রেণির শিক্ষার্থী ও শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ আফতাব উদ্দিন জয়কে মাদক সেবনের সন্দেহে চড় মারার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদ জানাতে তাঁর চাচা মো. তাজুল শাহ বাজারে গেলে শাহরিয়ার জামান রানার সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাজুল শাহের ছুরিকাঘাতে রানা আহত হন বলে ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে।

আরিফুর রহমান কাঞ্চন প্রশ্ন তুলে বলেন, হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। কিন্তু এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের কারণ কী? তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নিরপরাধ নেতাকর্মীদের মামলায় জড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের মাদকবিরোধী কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৪ এপ্রিল কটিয়াদী মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর তাঁর নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মোট ৪৯টি মামলা হয়েছে এবং ৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ১৪ লাখ ৬৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও মাদক বিক্রিসংশ্লিষ্ট নগদ অর্থ উদ্ধার করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। মাদক সেবনের অভিযোগে ৯৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।

বিএনপি নেতাদের অভিযোগ, পুলিশের এসব কার্যক্রমকে বিতর্কিত করতে মেজর (অব.) আখতারুজ্জামান অপপ্রচার চালাচ্ছেন। তবে এ বিষয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের বক্তব্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়নি।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৃথক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ভূঁইয়া। তিনি অভিযোগ করেন, আফতাব উদ্দিন জয়কে মারধরের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তাঁর চাচা তাজুল শাহের সঙ্গে শাহরিয়ার জামান রানার বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রানা ছুরিকাঘাতে আহত হন।

ওই সংবাদ সম্মেলনে আফতাব উদ্দিন জয়ের বড় বোন আফিমা বেগম বলেন, তাঁর ভাই দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী। তাঁকে মারধরের ঘটনার সুষ্ঠু বিচার চান তাঁরা। একই সঙ্গে ঘটনাটিকে রাজনৈতিক রূপ না দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবি জানান তিনি।

উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সহসভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু এবং সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান। ইউনিয়ন পর্যায়ের সংবাদ সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারাও বক্তব্য দেন।

ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
ভৈরবে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত মধ্যরাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের কালিপুর উত্তরপাড়া এলাকার মৃত শামসু মিয়ার ছেলে শফিক মিয়া (২৮) এবং একই এলাকার দক্ষিণপাড়ার মৃত আতর মিয়ার ছেলে আমীর হোসেন (২৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে পৌর শহরের কালিপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হুদা ভূইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে শফিক মিয়া ও আমীর হোসেনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ঢাকা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাজিতপুরে সরকারি বাসে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা; গ্রেপ্তার ৩

সাব্বির আহমদ মানিক প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
বাজিতপুরে সরকারি বাসে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে উত্তেজনা; গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরোজপুর বাজারে গভীর রাতে একটি সরকারি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা পেট্রোল ও গানপাউডার ব্যবহার করে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এতে বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর আগে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং পরে তিনজনকে গ্রেপ্তারের ঘটনাও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর বাজারে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দুটি সরকারি বিআরটিসি বাস রাখা হয়। এর মধ্যে ঢাকা মেট্রো-ব-১১-৫১৮৪ নম্বরের বাসটি রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থীরা ভৈরবে যাতায়াতের কাজে ব্যবহার করেন। অপর বাসটি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। অগ্নিসংযোগের শিকার বাসটি শিক্ষার্থীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, বাসে অগ্নিসংযোগের ঘটনার আগের দিন সোমবার (৯ নভেম্বর) দুপুরে সরারচর-পিরোজপুর সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের করার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে জানা গেছে, মিছিলটির ব্যানারে মালয়েশিয়া প্রবাসী কমল চন্দ্র দাসের নাম ছিল এবং তিনি মিছিলের অর্থদাতা ছিলেন বলে দাবি করা হচ্ছে। তবে মিছিলের অর্থায়ন এবং বাসে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাসে আগুন দেওয়ার ঘটনায় পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম লিটু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করে অভিযোগ করেন। তিনি বলেন, রাত আড়াইটার দিকে পিরোজপুর বাজারে সরকারি বাসে আগুন দিয়ে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মাহবুব আলম লিটু আরও জানান, ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বিকেল ৪টায় পিরোজপুর বাজারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, আগের দিন নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হিলচিয়া এলাকার যুবলীগ নেতা মাহবুব কামাল, দরি ঘাগটিয়া এলাকার আঙ্গুর এবং পুরানগাঁও এলাকার যুবলীগ নেতা বাতেনের ছেলে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পূর্ণ পরিচয় ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, বিআরটিসির বাসে অগ্নিসংযোগের ঘটনা এবং নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারীদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মিছিলে সম্পৃক্ততার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহল।

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, ১০ বছর পর বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূ হত্যা, ১০ বছর পর বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), ছবর আলীর ছেলে মঞ্জিল মিয়া (৬৫) ও শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)। তাঁরা সবাই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকার বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, নিহত জ্যোৎস্না বেগম ও আসামিরা একই সীমানার বাড়িতে বসবাস করতেন। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া ঘরের দিকে আসাকে কেন্দ্র করে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধের সূত্রপাত হয়। চুলাটি সরিয়ে নেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও তা সরানো হয়নি। এ নিয়ে ঘটনার দিন তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসামিরা সংঘবদ্ধ হয়ে জ্যোৎস্না বেগমকে মারধর করেন।

মামলার অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা জ্যোৎস্না বেগমকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় তাঁকে বাঁচাতে স্বজনরা এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে জ্যোৎস্না বেগমকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যপ্রমাণ ও আইনি পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন।