ভৈরবে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাদুকা ব্যবসায়ীর টাকা ছিনতাই
কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে শীতের কুয়াশাকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইচক্র। গত ১৭ নভেম্বর রাতে এ সড়কের কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় বাড়ি ফেরার পথে মোজাহিদ আল মিজান (৩২) নামের এক পাদুকা ব্যবসায়ী ডাকাতির শিকার হয়েছেন। এ সময় হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তাঁর মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়।
মোজাহিদ আল মিজান ভৈরব উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকার পাদুকা ব্যবসায়ী। তাঁর বাড়ি উপজেলার মানিকদী এলাকায়। ভুক্তভোগীর অভিযোগ, ডাকাতরা তাঁকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছিল।
মোজাহিদ আল মিজান জানান, ১৭ নভেম্বর রাত ১১টার দিকে ভৈরবে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কালিকাপ্রসাদ বিসিক শিল্পনগরী এলাকায় ডাকাতদের কবলে পড়েন তিনি। সড়কে রশি টানিয়ে তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে ডাকাতরা। প্রথমে চারজন তাঁর ওপর হামলা চালায়। কিছুক্ষণের মধ্যে আরও তিনজন সেখানে যোগ দেয়। সংখ্যায় বেশি হওয়ায় তিনি তাদের প্রতিরোধ করতে পারেননি। একপর্যায়ে ডাকাতরা তাঁর মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁর কাছে থাকা প্রায় ১ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা। তবে চিৎকার শুনে লোকজন এগিয়ে আসতে পারে—এমন আশঙ্কায় তারা ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখেই পালিয়ে যায়।
ভুক্তভোগী আরও বলেন, ‘ডাকাতদের উদ্দেশ্য শুধু ডাকাতি ছিল না, আমার মনে হয়েছে আমাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে ফিরেছি।’
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন মোজাহিদ। পরে টহলরত পুলিশের সহযোগিতায় তাঁর ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তবে ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধার হয়নি। এ ঘটনায় সড়কে নিরাপত্তা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে শীতকালে কুয়াশাচ্ছন্ন রাতে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর মাত্র চার দিন আগে কুলিয়ারচর এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই ভাইসহ কয়েকজন সাধারণ মানুষও এ সড়কে ডাকাতির শিকার হয়েছেন বলে স্থানীয়রা জানান। তাঁদের অভিযোগ, এসব ঘটনার পরও প্রশাসনের দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ না থাকায় অপরাধীদের তৎপরতা থামছে না।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শীতের রাতে সড়কে অপরাধ ও ছিনতাই প্রতিরোধে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল আরও জোরদার করা হচ্ছে।













Disqus comments are not configured yet.