সেনাবাহিনীর বিএমএ কোর্সে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল
বাংলাদেশ সেনাবাহিনীর ৯৮তম বিএমএ (বাংলাদেশ মিলিটারি একাডেমি) দীর্ঘমেয়াদি কোর্সে ভর্তির আবেদনে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে।
গত ১২ নভেম্বর সেনাসদরের অ্যাডজুট্যান্ট জেনারেল শাখার পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগে ২০২৭ সালের ১ জুলাই প্রার্থীদের বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে থাকার শর্ত ছিল। নতুন সিদ্ধান্তে বয়সসীমা বাড়িয়ে ১৬ থেকে ২৩ বছর করা হয়েছে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। আগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ পাওয়ার শর্ত ছিল। নতুন নিয়মে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ-৮.৫০ থাকলেই আবেদন করা যাবে।
এদিকে, ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অনলাইনে আবেদনের সময়সীমা ১৩ থেকে বাড়িয়ে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে join.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে।
বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল এবং আবেদনের সময় বাড়ানোর ফলে আরও বেশি প্রার্থী এ কোর্সে আবেদনের সুযোগ পাবেন।













Disqus comments are not configured yet.