সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসিবিতে তিন আন্তর্জাতিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
আইসিসিবিতে তিন আন্তর্জাতিক প্রদর্শনী

দেশের ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার উৎপাদন ও সাইনেজ প্রযুক্তি খাতের আধুনিকায়ন, উদ্ভাবন এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে অনুষ্ঠিত হবে ‘মাই কিচেন প্রেজেন্টস ৩য় ইনটেক এক্সপো ২০২৬’, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’ এবং ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’।

সোমবার (১৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।

এফ টাচ ইভেন্টস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিতব্য তিনটি প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রায় ২০০টি স্টলে ৭০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের আধুনিক পণ্য, যন্ত্রপাতি, প্রযুক্তি ও সেবা প্রদর্শিত হবে।

আয়োজকদের তথ্যমতে, প্রদর্শনীতে উৎপাদনকারী, সরবরাহকারী, আমদানিকারক, উদ্যোক্তা, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, প্রকৌশলী, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবী ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। একই ছাদের নিচে দেখা যাবে কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জার সামগ্রী, লাইটিং, ফার্নিচার, দরজা, ফার্নিচার ফিটিংস, পর্দা, হোম অটোমেশন এবং ইন্টেরিয়র ডিজাইনে ব্যবহৃত সফটওয়্যারসহ বিভিন্ন প্রযুক্তি ও পণ্য।

তিনটি প্রদর্শনীর মধ্যে ‘মাই কিচেন প্রেজেন্টস ৩য় ইনটেক এক্সপো ২০২৬’-এ গুরুত্ব পাবে আধুনিক কিচেন সলিউশন, ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার, কার্টেন, হোম অটোমেশন ও লাইফস্টাইল পণ্য। এ প্রদর্শনীর প্রধান পৃষ্ঠপোষক মাই কিচেন। প্রতিষ্ঠানটি তাদের আধুনিক মডুলার কিচেন ক্যাবিনেট, ওয়ারড্রোব, প্রিমিয়াম কাউন্টারটপ, সিন্টারড স্টোন, আন্তর্জাতিক মানের কিচেন ফিটিংস, অ্যাপ্লায়েন্স ও স্টোরেজ সলিউশন প্রদর্শন করবে।

মাই কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকত ইমরান খান বলেন, বাংলাদেশের কিচেন ক্যাবিনেট ও বিল্ট-ইন ফার্নিচার শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, দক্ষ জনবল ও নিজস্ব উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে এ শিল্পকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। মাই কিচেন শুধু মানসম্মত পণ্য উৎপাদন নয়, বাংলাদেশের কিচেন ক্যাবিনেট শিল্পকে আন্তর্জাতিক মান ও পরিচিতিতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেও কাজ করছে। এ প্রদর্শনী নতুন প্রযুক্তি, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে।

অন্যদিকে, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’-এ ফার্নিচার উৎপাদনের সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ এবং কাঠ ও ধাতুপ্রযুক্তির বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে। এ প্রদর্শনীর পৃষ্ঠপোষকতায় রয়েছে উড টেক সলিউশন (ডব্লিউটিএস) ও মেটাল টেক সলিউশন (এমটিএস)। ফার্নিচার, দরজা, ইন্টেরিয়র ও কিচেন ক্যাবিনেট প্রস্তুতকারীদের জন্য আধুনিক যন্ত্রপাতি ও উৎপাদনপ্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ থাকবে।

উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নঈমুল হোসেন খান বলেন, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’ উডওয়ার্কিং ও ফার্নিচার খাতের জন্য একটি চমক হতে যাচ্ছে। আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারক, স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী, শিক্ষার্থী ও অভিজ্ঞদের মিলনমেলায় পরিণত হবে এ প্রদর্শনী।

তিনি আরো জানান, ফার্নিচার খাতে সিএনসি প্রযুক্তি ও ফার্নিচার ডিজাইনে কাজ করা ব্যক্তিদের উৎসাহিত করা এবং তাঁদের কাজের স্বীকৃতি দিতে একটি ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিনটি বিভাগে বিজয়ীদের জন্য যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার রাখা হয়েছে। ২১ নভেম্বর প্রদর্শনীর শেষ দিন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ করা হবে।

এদিকে, ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’-এ সাইনেজ প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় পণ্য প্রদর্শিত হবে। এতে চীন ও বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে।

আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, এ প্রদর্শনীতে ইন্টেরিয়র প্রযুক্তি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজের পাশাপাশি ইন্টেরিয়র খাতে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার প্রদর্শিত হবে। এসব প্রযুক্তি দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।

আয়োজকেরা জানান, প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান দর্শনার্থী ও গ্রাহকদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার দেবে।

আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় প্রদর্শনীগুলোর উদ্বোধন হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক ড. এম মাসুদ উর রশিদ এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম এম জসিম উদ্দিনের।

প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এতে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হবে না।

‘তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে’-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
‘তোমাদের নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে হবে’-শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির সময় সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। আমরা স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল শিক্ষা চালু করছি। নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা নিতে হবে।’

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসেও তোমাদের অংশগ্রহণ থাকতে হবে। সেখানে ছয়-সাতটি খেলা থাকবে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।’

শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ছয়-সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। এসব ভাষার মধ্যে ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ বিভিন্ন ভাষা অন্তর্ভুক্ত থাকবে।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, খেলাধুলা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে তাদের গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন। এ ছাড়া রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থীও এ কার্যক্রমে অংশ নেন।

সংসদ ভবন পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, লাইব্রেরি পরিদর্শন করেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে বিএনপির মিছিল

সঞ্জিত চন্দ্র শীল প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে বিএনপির মিছিল

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে পৌর বিএনপি। সোমবার পৌর শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রধান প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

মিছিলে হোসেনপুর পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিক, সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. রিমন মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশে-বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের দোসররা গোপনে নাশকতা, গুজব ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবেন।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা ও জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সব সময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। কোনো ফ্যাসিস্ট শক্তিকে এ দেশের মাটিতে আবার মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। দেশের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো চেষ্টা করা হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ সময় বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আগামী দিনের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।

প্রতিবাদ কর্মসূচিতে পৌর বিএনপির পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

ভৈরবে পায়ের উরুতে লুকানো ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
ভৈরবে পায়ের উরুতে লুকানো ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ ছায়ফুল খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে শহরের সৈয়দ নজরুল ইসলাম সেতু-সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছায়ফুল খান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের ফরিদ খানের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতু-সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর পায়ের উরুতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়।

পরিদর্শক চন্দন গোপাল সুর আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছায়ফুল খানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।