ভৈরবে মেঘনা নদীর তীরে হরিজন ও রবিদাস সম্প্রদায়ের সূর্য পূজা উদ্যাপন
স্থানীয়ভাবে জানা যায়, ছট পূজা বা সূর্য পূজা হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রচলিত একটি প্রাচীন ধর্মীয় উৎসব। এ পূজাকে কেন্দ্র করে সন্তানের দীর্ঘায়ু ও পরিবারের মঙ্গল কামনায় নারীরা টানা কঠোর উপবাস পালন করেন। পরিবারের সদস্যদের নিয়ে তাঁরা মেঘনা নদীর ঘাটে সমবেত হয়ে পূজার্চনা করেন।
উত্তর ভারতের বিহার, বেনারস, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে ছট পূজা ব্যাপকভাবে উদ্যাপিত হয়। ভৈরবের হরিজন ও রবিদাস সম্প্রদায়ের পূর্বপুরুষদের আদি নিবাস ভারতের বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে হওয়ায় তাঁরাও প্রায় ৫০ বছর ধরে ভৈরবে এ ঐতিহ্য ধরে রেখেছেন। সময়ের সঙ্গে সম্প্রদায়ের মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি পূজার আয়োজনও বিস্তৃত হয়েছে।
সূর্যদেব ও তাঁর বোন হিসেবে পূজিত ‘ছঠী মাইয়া’র উপাসনাকে কেন্দ্র করে এ উৎসব পালিত হয়। পরিবারের সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় ব্রতীরা কঠোর নিয়মকানুন মেনে পূজা করেন। ‘নহায়-খায়’, ‘খরনা’, ‘সন্ধ্যা অর্ঘ্য’ ও ‘ঊষা অর্ঘ্য’—এই চারটি পর্যায়ের মধ্য দিয়ে ছট পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় বাঁশের তৈরি ডালা ও কুলোয় ফলমূল, আখ, নারকেল, কলা এবং ঐতিহ্যবাহী ‘ঠেকুয়া’ সাজিয়ে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করা হয়।
প্রতিবছর মেঘনা নদীর তীরবর্তী ত্রিসেতু এলাকায় এ পূজার আয়োজন করা হয়। এবারও ভোরে ভক্ত ও পুণ্যার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৬ নভেম্বর ভোরে ঊষা অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে চার দিনব্যাপী সূর্য পূজার সমাপ্তি ঘটে।
এ বিষয়ে ভৈরব পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও হরিজন-রবিদাস সম্প্রদায়ের নেতা আজাদ লাল বলেন, “বহু বছর আগে আমাদের পূর্বপুরুষেরা পরিবার নিয়ে ভারত থেকে ভৈরবে আসেন। তখন তিন-চারটি পরিবার থাকায় সূর্য পূজা বা ছট পূজা ছোট পরিসরে উদ্যাপিত হতো। দীর্ঘ ৫০ বছর ধরে পালিত হয়ে আসা এ পূজা হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এখন বড় উৎসবে পরিণত হয়েছে। ১৬ নভেম্বর ভোরে ঊষা অর্ঘ্যের মধ্য দিয়ে চার দিনব্যাপী সূর্য পূজা শেষ হয়েছে।”













Disqus comments are not configured yet.