হোসেনপুরে রাতারাতি সরকারি জমিতে দোকান নির্মাণ, বুলডোজার দিয়ে উচ্ছেদ
কিশোরগঞ্জের হোসেনপুরে রাতের আঁধারে সরকারি জমি দখল করে নির্মাণ করা একটি টিনশেড দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে পৌর শহরের বিভিন্ন সড়কের ফুটপাত ও চলাচলের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে হোসেনপুর পৌরসভার মধ্যবাজারের শৌচাগার ও সজ মহাল এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ ও সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দখলদাররা হোসেনপুর মধ্যবাজারের সজ মহাল এলাকায় সরকারি জমিতে একটি টিনশেড দোকান নির্মাণ করেন। শনিবার সকালে বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থাপনাটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে ইউএনওর নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ পৌরসভার একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বুলডোজার দিয়ে অবৈধভাবে নির্মিত টিনশেড দোকানটি ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয়।
অভিযানের অংশ হিসেবে হোসেনপুর কাপড়পট্টিতে জুতা ও বিভিন্ন গার্মেন্টসের দোকানের সামনে ফুটপাত দখল করে নির্মিত বর্ধিতাংশও (এক্সটেনশন) অপসারণ করা হয়। এ ছাড়া মিষ্টিপট্টি চৌরাস্তা থেকে মাছমহাল সড়ক পর্যন্ত অবৈধভাবে বসানো ফলের দোকান ও ভাসমান হকারদের সরিয়ে দেওয়া হয়। এতে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং শহরের যানজট নিরসনে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।







Disqus comments are not configured yet.