চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা, কিশোরগঞ্জে সিসিটিভি নজরদারি চালু
কিশোরগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তিসম্পন্ন ২৫০টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৭৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাগুলোর ফুটেজ পর্যবেক্ষণ ও সংরক্ষণের জন্য কিশোরগঞ্জ মডেল থানায় স্থাপন করা হয়েছে কেন্দ্রীয় সার্ভার স্টেশন ও নিয়ন্ত্রণকক্ষ (KCLC)। শনিবার (১৪ নভেম্বর) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসিটিভি ক্যামেরা ও সার্ভার স্টেশনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
শহরে অপরাধ নিয়ন্ত্রণে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কোথাও পার্ক করে রাখা মোটরসাইকেল মুহূর্তেই চুরি হয়ে যাচ্ছে, কোথাও ব্যস্ত সড়কে ঘটছে ছিনতাই। পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ চলাচল, তুচ্ছ বিরোধে মারামারি ও সংঘর্ষের ঘটনাও ঘটছে। এসব অপরাধের পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের তদন্তে সময় লাগছে। অনেক ক্ষেত্রে অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়লে অপরাধ প্রতিরোধ ও অপরাধীদের শনাক্ত করা সহজ হবে।
প্রকল্পের আওতায় স্থাপন করা প্রতিটি ক্যামেরায় থাকছে এআইভিত্তিক সেন্সর প্রযুক্তি। এর মাধ্যমে মানুষের মুখ শনাক্ত করার পাশাপাশি রাতেও স্পষ্ট ছবি ধারণ করা সম্ভব হবে। পর্যায়ক্রমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থল ক্যামেরার আওতায় আনা হবে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষে ২৪ ঘণ্টা পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো চুরি, ছিনতাই কিংবা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আশপাশের ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তির চলাচল ও ঘটনার আগের পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে। এতে অপরাধী শনাক্ত এবং তদন্ত কার্যক্রম সহজ হবে বলে আশা করছে জেলা পুলিশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরীফুল হকসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বক্তারা বলেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা সম্ভব হবে। এর ফলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সহজ হবে। বিশেষ করে চাঁদাবাজি বন্ধে ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো এবং অপরাধ দমনে পুলিশের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, শহরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে। নদীর পাড়ের সড়কগুলোতেও ক্যামেরা স্থাপনের অনুরোধ জানান তিনি। এ উদ্যোগ নেওয়ায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে বেশি তৎপর। চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক নেতাদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। ফুটপাতসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, যেসব স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, সেখানে ক্যামেরা স্থাপন করা প্রয়োজন। কোনো স্থানে ক্যামেরা না থাকলে জেলা পরিষদের অর্থায়নে ক্যামেরা স্থাপনের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজির সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো চাঁদাবাজ যেন রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তুলে নিজের প্রভাব দেখানোর সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। সরকারের নয় মাস পেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ এখন সরকারের কাছে জবাব চাইবে। দলীয় পরিচয় বা কোনো নেতার ঘনিষ্ঠতা অপরাধীদের রক্ষার কারণ হতে পারে না। পুলিশ সুপারকে সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে অপরাধ ও চাঁদাবাজিমুক্ত কিশোরগঞ্জ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে চাঁদাবাজমুক্ত করার প্রত্যাশার কথাও জানান জেলা পরিষদের প্রশাসক।
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, শহরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা একটি সুন্দর ও প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। অপরাধী শনাক্ত হলে ধীরে ধীরে অপরাধের মাত্রাও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপন প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করলে একটি সুন্দর কিশোরগঞ্জ গড়ে তোলা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, বর্তমান সরকারের মূল অঙ্গীকার ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দেশের মানুষকে স্বস্তি দেওয়া। সমাজে বর্তমানে যে অপরাধপ্রবণতা দেখা যাচ্ছে, তা উত্তরাধিকার সূত্রে পাওয়া। বিগত সময়ে অপরাধীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া ও উৎসাহিত করা হতো। জনপ্রতিনিধিদেরও তাঁদের সঙ্গে সম্পৃক্ততা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক, ছিনতাই, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নির্মূলে সরকার বদ্ধপরিকর।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, শহরের সব সড়ক ও বাসাবাড়ি পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এ জন্য থানায় সার্ভার রুম স্থাপন করা হয়েছে। কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, দোকানে হামলা ও হুমকির মতো অপরাধ বন্ধে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, এমন প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যার মাধ্যমে প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। এতে শুধু অপরাধ নিয়ন্ত্রণই নয়, মানুষের আচরণগত পরিবর্তনও আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা পুলিশের এ উদ্যোগের ফলে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং অপরাধ সংঘটনের পর প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের সুযোগ তৈরি হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হলে কিশোরগঞ্জ শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।










Disqus comments are not configured yet.