কিশোরগঞ্জে সরিষা, চিনাবাদাম ও মুগ চাষে কৃষকদের প্রণোদনা বিতরণ
রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে সরিষা, চিনাবাদাম ও মুগ ফসলের প্রণোদনা বিতরণ করা হয়েছে। ফসলভিত্তিক প্রণোদনা কর্মসূচির আওতায় শনিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের হাতে এসব প্রণোদনা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। এ সময় তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা প্রয়োজন। এ লক্ষ্যেই সরকার কৃষকদের পাশে থেকে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ধরনের সহায়তা ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরিষা, চিনাবাদাম ও মুগের মতো ফসলের আবাদ বাড়ানো গেলে দেশে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে। এতে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি এসব পণ্যের আমদানিনির্ভরতা কমাতেও ভূমিকা রাখতে পারবেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারি এ প্রণোদনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী কৃষকেরা। তাঁরা কৃষি উৎপাদন বাড়াতে এ ধরনের সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।










Disqus comments are not configured yet.