শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
[gtranslate]
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ ইউরেনিয়াম চালান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ ইউরেনিয়াম চালান

রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছেছে। এটি কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য আনা হয়েছে। এ নিয়ে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালানসহ মোট ছয়টি চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি বাংলাদেশে আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি আনা হবে।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে প্রথম ইউনিটে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

স্টেজ-সি পর্যায়ে ধাপে ধাপে রিঅ্যাক্টরের ক্ষমতা বাড়িয়ে কেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, টারবাইন-জেনারেটর এবং পরিচালনা ও নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনীয় পরীক্ষাগুলো সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের জেনারেটর জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এ প্রক্রিয়াকে বলা হয় ‘সিনক্রোনাইজেশন’।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর মাসে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে। তবে এ কার্যক্রম নিয়ন্ত্রক সংস্থার শর্ত ও প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হবে।

 

কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

মাইনুল হক মেনু প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
কটিয়াদীতে কানামাছি খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে প্রাণ গেল ৯ বছরের অদ্রির

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সীদের সঙ্গে কানামাছি খেলতে গিয়ে নিচে পড়ে অদ্রি বর্মন (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কটিয়াদী পৌরসভার পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত অদ্রি বর্মন পুলিশের উপপরিদর্শক সুভাষ বর্মনের মেয়ে। সে কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। সুভাষ বর্মন আগে কটিয়াদী মডেল থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্তকেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় অদ্রি নিজ ভাড়া বাসার তিনতলার ছাদে সমবয়সী শিশুদের সঙ্গে কানামাছি খেলছিল। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত ছাদের কিনারা থেকে নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায় শিশুটি। তার পড়ে যাওয়ার ঘটনা দেখে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।

পরে তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা দ্রুত ঢাকায় নেওয়ার ব্যবস্থা করলেও পথেই শিশুটির মৃত্যু হয়।

কটিয়াদী লিটল ফ্লাওয়ার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অদ্রি বর্মন তাঁর প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার ছাদে খেলাধুলার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগও আসেনি।

নয় বছর বয়সী অদ্রি বর্মনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৩ পিস ইয়াবাসহ মনির হোসাইন হৃদয় (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার সালুয়াদি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জনি মিয়া ও জাহাঙ্গীর আলম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেলাল মুন্সি, মো. হাসান আলী ও শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সালুয়াদি গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মনির হোসাইন হৃদয়কে ২৩ পিস ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে বিচারিক কার্যক্রমের জন্য কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

হোসেনপুরে রাতারাতি সরকারি জমিতে দোকান নির্মাণ, বুলডোজার দিয়ে উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
হোসেনপুরে রাতারাতি সরকারি জমিতে দোকান নির্মাণ, বুলডোজার দিয়ে উচ্ছেদ

কিশোরগঞ্জের হোসেনপুরে রাতের আঁধারে সরকারি জমি দখল করে নির্মাণ করা একটি টিনশেড দোকান বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে পৌর শহরের বিভিন্ন সড়কের ফুটপাত ও চলাচলের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে হোসেনপুর পৌরসভার মধ্যবাজারের শৌচাগার ও সজ মহাল এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ ও সহকারী প্রকৌশলী ফরিদ আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দখলদাররা হোসেনপুর মধ্যবাজারের সজ মহাল এলাকায় সরকারি জমিতে একটি টিনশেড দোকান নির্মাণ করেন। শনিবার সকালে বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থাপনাটি উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে ইউএনওর নির্দেশনায় পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ পৌরসভার একটি দল নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় বুলডোজার দিয়ে অবৈধভাবে নির্মিত টিনশেড দোকানটি ভেঙে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

অভিযানের অংশ হিসেবে হোসেনপুর কাপড়পট্টিতে জুতা ও বিভিন্ন গার্মেন্টসের দোকানের সামনে ফুটপাত দখল করে নির্মিত বর্ধিতাংশও (এক্সটেনশন) অপসারণ করা হয়। এ ছাড়া মিষ্টিপট্টি চৌরাস্তা থেকে মাছমহাল সড়ক পর্যন্ত অবৈধভাবে বসানো ফলের দোকান ও ভাসমান হকারদের সরিয়ে দেওয়া হয়। এতে সড়কটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং শহরের যানজট নিরসনে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।