রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরবিদ্যুতে ১৪ ডাক কেন্দ্রে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
সৌরবিদ্যুতে ১৪ ডাক কেন্দ্রে প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয়
সৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। ২০২৩ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত এসব কেন্দ্রে সৌরবিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে এ সাশ্রয় হয়েছে।

ডাক অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রের বিদ্যুৎ বিল হতো ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন এবং নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করায় প্রকৃত বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা। এতে সাশ্রয় হয়েছে ১২ লাখ ৯২ হাজার ১১৫ টাকা, যা সম্ভাব্য ব্যয়ের ৬১ দশমিক ৯৩ শতাংশ।

ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে ১৪টি এমপিসির সৌর প্যানেল থেকে মোট ৮৬ হাজার ১৪১ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৩৭ হাজার ৪১৭ ইউনিট কেন্দ্রগুলোর নিজস্ব চাহিদা পূরণে ব্যবহার করা হয়েছে। বাকি ৪৮ হাজার ৭২৪ ইউনিট নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। অর্থাৎ উৎপাদিত সৌরবিদ্যুতের প্রায় ৪৩ শতাংশ নিজেরা ব্যবহার করেছে কেন্দ্রগুলো, আর বাকি ৫৭ শতাংশ যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার শুধু বিদ্যুৎ সাশ্রয় নয়, বরং টেকসই ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেট মিটারিংয়ের মাধ্যমে বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে সরকারি স্থাপনাগুলোকে আরও জ্বালানিসাশ্রয়ী করে তোলা সম্ভব।

তিনি বলেন, ১৪টি কেন্দ্রের অভিজ্ঞতা প্রমাণ করেছে, সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ পরিবেশের পাশাপাশি সরকারি অর্থ সাশ্রয়েও কার্যকর। একটি সরকারি প্রতিষ্ঠান নিজের বিদ্যুৎ নিজে উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে, যা অন্য সরকারি দপ্তরের জন্যও অনুসরণযোগ্য হতে পারে।

সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু থাকা কেন্দ্রগুলো হলো—তেজগাঁও, চট্টগ্রাম, নোয়াখালী, হবিগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, ঈশ্বরদী, রংপুর, দিনাজপুর, বরিশাল, যশোর, খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জ এমপিসি।

মেইল প্রসেসিং ও লজিস্টিক সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পের আওতায় ৭৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এসব কেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি ৩৫ ধরনের আধুনিক আসবাব ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করে কেন্দ্রগুলো চালু করা হয়েছে। অবকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে স্থাপন করা হয়েছে নেট মিটারিং সুবিধাসহ সৌর প্যানেল।

ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সৌরবিদ্যুৎ ব্যবস্থা না থাকলে ১৪টি কেন্দ্রকে জাতীয় গ্রিড থেকে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৭ ইউনিট বিদ্যুৎ নিতে হতো। ইউনিটপ্রতি ১৫ টাকা হিসাবে এর বিল দাঁড়াত ২০ লাখ ৮৬ হাজার ৪৫৫ টাকা। কিন্তু সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের পর নেট মিটারিংয়ের মাধ্যমে সমন্বয় করে কেন্দ্রগুলোর প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৯৫৬ ইউনিট। এর বিপরীতে বিল এসেছে ৭ লাখ ৯৪ হাজার ৩৪০ টাকা।

একই হারে হিসাব করলে, সৌরবিদ্যুতের নিজস্ব ব্যবহার থেকে প্রায় ৫ লাখ ৬১ হাজার টাকা এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ থেকে প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা বিলের সঙ্গে সমন্বয় হয়েছে। এ হিসাবে প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ৯২ হাজার টাকা সাশ্রয় হয়েছে।

পরিবেশের জন্যও এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখছে। দেশের গ্রিড বিদ্যুতের বড় অংশ জীবাশ্ম জ্বালানিনির্ভর। আন্তর্জাতিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম লো কার্বন পাওয়ারের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশের গ্রিডে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গড়ে প্রায় ৫৮২ গ্রাম কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। এই হার বিবেচনায় ১৪টি এমপিসির উৎপাদিত সৌরবিদ্যুৎ আনুমানিক ৫০ টন কার্বন নিঃসরণ কমিয়েছে।

তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার ওপর নির্ভরশীল। বৃষ্টির দিন ও ঘন কুয়াশার সময় উৎপাদন কমে যাওয়ায় কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের বিদ্যুতের ওপর নির্ভর করতে হয়। ডাক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আলোচ্য সময়ে কেন্দ্রগুলো গ্রিড থেকে মোট ১ লাখ ১ হাজার ৬৮০ ইউনিট বিদ্যুৎ গ্রহণ করেছে।

ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ বলেন, সৌরবিদ্যুৎ আবহাওয়ার ওপর নির্ভরশীল হওয়ায় বৃষ্টি ও কুয়াশার দিনে গ্রিডের বিদ্যুৎ নিতে হয়। তবে উৎপাদিত বিদ্যুতের বড় অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারায় কেন্দ্রগুলোর বিদ্যুৎ ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে দীর্ঘ মেয়াদে এই সাশ্রয় আরও বাড়বে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে কেন্দ্রগুলোতে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরুর পরিকল্পনা ছিল। তবে প্রযুক্তিটি দেশে নতুন হওয়ায় প্যানেল স্থাপনের পর সরকারি বিভিন্ন সংস্থার ছাড়পত্র নিতে হয়েছে। একই সঙ্গে নেট মিটারিং পদ্ধতি বিদ্যুৎ বিভাগের জন্যও নতুন হওয়ায় বিদ্যুতের হিসাবরক্ষণ ও জাতীয় গ্রিডের সঙ্গে আর্থিক সমন্বয়ের প্রক্রিয়া নির্ধারণে সময় লেগেছে। এসব কারণে ২০২৩ সাল থেকে কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ কার্যক্রম শুরু হয়।

মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নতুন প্রযুক্তি হওয়ায় শুরুতে ছাড়পত্র ও আর্থিক সমন্বয়ের প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে। এখন সেই পথ তৈরি হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ডাক বিভাগের অন্যান্য স্থাপনাতেও আরও দ্রুত ও পরিকল্পিতভাবে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা সম্ভব হবে।

দেশে জ্বালানি সাশ্রয় ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার সম্প্রতি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। গত ৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ দেন। এর আওতায় বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, পরিকল্পনা কমিশন ও অর্থ বিভাগের ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়।

পরে ১০ আগস্টের সিদ্ধান্তের ধারাবাহিকতায় মন্ত্রিপরিষদ বিভাগ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে দাপ্তরিক কাজে সৌরবিদ্যুতের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেয়।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ছিল ৪১৮ দশমিক ১ মেগাওয়াট। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতেও এ উদ্যোগ এগিয়ে চলছে।

সম্প্রতি খুলনায় বাংলাদেশ শুধু শিল্প লিমিটেডে এক মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন বিজ্ঞান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অব্যবহৃত ছাদ ও অন্যান্য উপযোগী জায়গা সৌরবিদ্যুৎ উৎপাদনে কাজে লাগানোর আহ্বান জানান।

 

চার মাসে প্রবাস আয় ১১৪৬ কোটি ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
চার মাসে প্রবাস আয় ১১৪৬ কোটি ডলার ছাড়াল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে বৈধ ব্যাংকিং ব্যবস্থায় প্রবাস আয় এসেছে এক হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। এ সময়ে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চার মাসে সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার এবং কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এসেছে।

এ ছাড়া ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

মাসওয়ারি হিসাবে, অক্টোবরে দেশে প্রবাস আয় এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার, আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার।

সারা দেশে নাশকতার পেছনে হাসিনার অনুসারীরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
সারা দেশে নাশকতার পেছনে হাসিনার অনুসারীরা: রিজভী

শেখ হাসিনার অনুসারীরা পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি পেয়ে সারা দেশে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা উসকানি পেয়ে সারা দেশে নাশকতা করছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এ চেষ্টা সফল হবে না। প্রতিদিনই তারা গ্রেপ্তার হচ্ছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান রিজভী।

শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পতিত হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে ফিরে এলে তাঁর দণ্ড কার্যকর হবে।’

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ই-ঋণ’ পুনরর্থায়ন স্কিমের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকরা এ ঋণ সুবিধা নিতে পারবেন।

ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, তরুণ, শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে ডিজিটাল ঋণপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এ উদ্যোগের মূল লক্ষ্য।

অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার উদ্দেশ্যে স্কিমটি হালনাগাদ করা হয়েছে। গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ব্যবস্থায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ দেওয়া হবে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এ ঋণ নিতে পারবেন।

এ স্কিমের আওতায় সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫০ হাজার টাকা। ঋণের বিপরীতে গ্রাহককে কোনো জামানত দিতে হবে না। ফলে প্রচলিত ব্যাংকঋণ পেতে জামানত ও আনুষ্ঠানিকতার কারণে যারা সমস্যায় পড়েন, তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনরর্থায়ন সুবিধা পাবে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক কম সুদে ব্যাংকগুলোকে তহবিল সরবরাহ করবে, যাতে ব্যাংকগুলো নির্ধারিত শর্তে গ্রাহকদের ঋণ দিতে পারে।

ই-ঋণ পুনরর্থায়ন স্কিমে আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্রাধিকারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, নারী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

তবে এ সুবিধা পেতে আগ্রহীদের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কিমটির মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির সহকারী মুখপাত্র সাঈদা খানম।