ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য, বাড়ছে অনিশ্চয়তা
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে একের পর এক ভিন্ন বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো তিনি ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করছেন, আবার কখনো যুদ্ধ বন্ধে আলোচনার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলছেন। ফলে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে না।
নির্বাচনের পরদিন ট্রাম্প স্বীকার করেন, ইরান যুদ্ধ এবং এর জেরে বিশ্ব অর্থনীতিতে তৈরি হওয়া অস্থিরতা রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত সঠিক ছিল বলেও দাবি করেন তিনি।
চলতি সপ্তাহের শুরুতে হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানে নতুন করে বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর ভাষায়, সামরিক দিক থেকে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে।
তবে গত বৃহস্পতিবার তিনি আবার প্রশ্ন তোলেন, যুদ্ধের সমাপ্তি টানতে তাড়াহুড়োর প্রয়োজন আছে কি না। ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে এখন আর কোনো চুক্তির প্রয়োজন নেই। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনার পরিবর্তে প্রশাসনের অভ্যন্তরে জালিয়াতিবিরোধী অভিযানে মনোযোগ দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দেন তিনি। এর আগে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় প্রধান আলোচকের দায়িত্বে ছিলেন ভ্যান্স।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের অবস্থান পরিবর্তনের কারণে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্র মিত্রদের সঙ্গে পরামর্শ করেনি। অথচ যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের প্রভাব তাদেরও মোকাবিলা করতে হচ্ছে।
ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার এক সাক্ষাৎকারে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এখন এমন একজন অগ্নিসংযোগকারীর মতো আচরণ করছেন, যিনি আমাদের পররাষ্ট্রনীতিতে আগুন লাগিয়ে দিয়েছেন। এখন তিনি সেখান থেকে সরে যেতে চাইছেন।’
এ বিষয়ে হোয়াইট হাউস সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ট্রাম্পের কৌশলের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়ার পথে।
এদিকে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী কাতার একটি অন্তর্বর্তী চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মূল লক্ষ্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা। তবে মধ্যপ্রাচ্যের দুই কূটনীতিকের মতে, ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্যে কাতারের মধ্যস্থতার উদ্যোগও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।










Disqus comments are not configured yet.