সৌরবিদ্যুতে বিনিয়োগে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল
সরকারি প্রণোদনা, সৌর সরঞ্জাম আমদানিতে কর ও শুল্ক ছাড় এবং নীতিগত বিভিন্ন উদ্যোগের ফলে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে। বাসাবাড়ি, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনে উৎসাহিত করার পাশাপাশি উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগও রাখা হয়েছে।
এসব উদ্যোগের মাধ্যমে সৌরবিদ্যুৎ স্থাপনের ব্যয় কমানো এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। ফলে দেশে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ছে।
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের প্রকৌশলী মো. আখতারুজ্জামান নিজের প্রতিষ্ঠান ‘সালেহা অয়েল মিল’-এর বিদ্যুৎ চাহিদা মেটাতে ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করেছেন।
২০২৩ সালের ডিসেম্বরে উৎপাদন শুরু করা তাঁর সৌরবিদ্যুৎ ব্যবস্থায় রয়েছে মোট ৫ দশমিক ২৩ কিলোওয়াট ক্ষমতার নয়টি প্যানেল। এটি স্থাপনে তাঁর ব্যয় হয়েছে ১ লাখ ৮৪ হাজার টাকা। উৎপাদিত বিদ্যুতের একটি অংশ তিনি নিজ প্রতিষ্ঠানে ব্যবহার করেন। উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করেন।
আখতারুজ্জামান বলেন, পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে তিনি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করেছেন। নিজের চাহিদা মেটানোর পাশাপাশি প্রতি মাসে গড়ে ৫৫০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করেন। এ থেকে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা আয় হয়।
তিনি জানান, অর্থায়ন পেলে সৌরবিদ্যুৎ ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থায়ন সুবিধা থাকলেও সাধারণ গ্রাহকদের সরাসরি ঋণ পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। ফলে আগ্রহ থাকলেও অনেকের পক্ষে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করা কঠিন হয়ে পড়ে।
নিজ উদ্যোগে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে বিদ্যুৎ বিল কমিয়েছেন নওগাঁর নিয়ামতপুরের চকগোপাল গ্রামের বাসিন্দা সাব্বির হোসেন। তবে উৎপাদিত বিদ্যুতের উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহের জন্য নেট মিটারিংয়ের অনুমতি না পাওয়ায় এ সুবিধা চালু করতে পারছেন না তিনি।
সাব্বির হোসেনের সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ৫৮৫ ওয়াট ক্ষমতার সাতটি প্যানেল রয়েছে। সব মিলিয়ে প্যানেলগুলোর স্থাপিত ক্ষমতা ৪ হাজার ৯৫ ওয়াট বা প্রায় ৪ দশমিক ১ কিলোওয়াট-পিক। পুরো ব্যবস্থাটি স্থাপন করতে তাঁর ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৭৩ হাজার টাকা।
তিনি জানান, বাসাবাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি পানির উত্তোলনের মোটর চালাতেও সৌরবিদ্যুৎ ব্যবহার করেন। এ ব্যবস্থা চালুর পর তাঁর বিদ্যুৎ বিল কমেছে। আগে সাধারণ সময়ে বাসাবাড়ির বিদ্যুৎ বিল প্রায় ১ হাজার ৫০০ টাকা আসত। বর্তমানে তা ৭০০ থেকে ৯০০ টাকার মধ্যে থাকছে।
আখতারুজ্জামান ও সাব্বির হোসেনের মতো অনেকেই নিজস্ব বিদ্যুৎ চাহিদা মেটানো, মাসিক বিল কমানো এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগের কারণে সৌরবিদ্যুতের প্রতি আগ্রহী হচ্ছেন। বিশেষ করে বাসাবাড়ি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং কৃষিকাজে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ রয়েছে।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব ক্ষেত্রে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে দিনের বেলায় জাতীয় গ্রিডের ওপর চাহিদার চাপ কমানো এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হ্রাসে ভূমিকা রাখতে পারে। এতে ব্যক্তিগত সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির বৈচিত্র্য আনার সুযোগ তৈরি হচ্ছে।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় গ্রিডে এর অবদানও বাড়ছে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে জাতীয় গ্রিডে অন-গ্রিড সৌরবিদ্যুতের অবদান ছিল ১ হাজার ২০ মেগাওয়াট। নভেম্বরের শুরুতে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ মেগাওয়াটে।
সৌরবিদ্যুৎ সম্প্রসারণে অর্থায়ন সহজ করতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ করেছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে। গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার।
নতুন উদ্যোগ অনুযায়ী, গ্রাহক নিজে সৌরবিদ্যুৎ ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে ২০৩০ সাল পর্যন্ত তা কিনবে। এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর বিদ্যুৎ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সৌরবিদ্যুতের নেট মিটারিং সংযোগ পেলে এ সুবিধা পাওয়া যাবে।
নেট মিটারিং ব্যবস্থায় গ্রাহক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত বিদ্যুতের একটি অংশ নিজে ব্যবহার করতে পারেন এবং উদ্বৃত্ত বিদ্যুৎ বিতরণব্যবস্থায় সরবরাহ করতে পারেন। এ জন্য অনলাইনে নেট মিটারিং সংযোগের আবেদন করা যায়। এ ব্যবস্থায় গ্রাহকের সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ হিসাব করে বিদ্যুৎ বিল সমন্বয়েরও সুযোগ রয়েছে।













Disqus comments are not configured yet.