রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন শুরু আজ

ক্রমবর্ধমান সরকারি ঋণ, সুদ পরিশোধের বাড়তি চাপ এবং উন্নয়ন ব্যয়ের অর্থসংস্থান—এই তিন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কৌশল খুঁজতে আজ থেকে শুরু হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলন। কক্সবাজারে দুই দিনব্যাপী এ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, ঋণ পরিশোধের সক্ষমতা বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিকল্প অর্থায়নের উৎস তৈরির বিষয়ে আলোচনা হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলন উদ্বোধন করার কথা রয়েছে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর।

রবিবার ও সোমবার (১৫ ও ১৬ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারি ঋণ ব্যবস্থাপনা’।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সম্মেলনে প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। বিভিন্ন দেশের অর্থ মন্ত্রণালয়, সরকারি ঋণ ব্যবস্থাপনা সংস্থা, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষজ্ঞদের অংশ নেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা। এ ক্ষেত্রে ডেট ম্যানেজমেন্ট অফিস (ডিএমও) গঠনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে।

এ ধরনের অফিস গঠন করা হলে সরকারি ঋণের তথ্য সংরক্ষণ, ঋণ গ্রহণের পরিকল্পনা, সুদ ও আসল পরিশোধের সময়সূচি নির্ধারণ এবং ঋণসংক্রান্ত ঝুঁকি মূল্যায়নে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া আন্তর্জাতিক বন্ড বাজার থেকে অর্থ সংগ্রহ এবং স্থানীয় মুদ্রায় ইস্যু করা বন্ডে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়েও সম্মেলনে আলোচনা হবে। বিশেষজ্ঞদের আলোচনায় বিকল্প অর্থায়নের উৎস তৈরি, ঋণের ব্যয় কমানো এবং বৈদেশিক অর্থায়নের ওপর নির্ভরতা ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সরকারি ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি সুদ পরিশোধে বাজেটের বড় অংশ ব্যয় হওয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে অর্থের সংস্থান একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে ঋণ গ্রহণের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, ঋণের ব্যয় ও ঝুঁকি বিশ্লেষণ এবং অর্থায়নের উৎস বহুমুখীকরণ জরুরি হয়ে পড়েছে।

দুই দিনের এ সম্মেলনে বিভিন্ন দেশের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরামর্শ থেকে বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনার জন্য কার্যকর কৌশল নির্ধারণের সুযোগ তৈরি হতে পারে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সম্মেলনের আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই অর্থায়নের নতুন পথ তৈরিতে সহায়ক দিকনির্দেশনা পাওয়া যাবে।

চার মাসে প্রবাস আয় ১১৪৬ কোটি ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
চার মাসে প্রবাস আয় ১১৪৬ কোটি ডলার ছাড়াল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে বৈধ ব্যাংকিং ব্যবস্থায় প্রবাস আয় এসেছে এক হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। এ সময়ে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চার মাসে সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার এবং কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এসেছে।

এ ছাড়া ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

মাসওয়ারি হিসাবে, অক্টোবরে দেশে প্রবাস আয় এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার, আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার।

সারা দেশে নাশকতার পেছনে হাসিনার অনুসারীরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
সারা দেশে নাশকতার পেছনে হাসিনার অনুসারীরা: রিজভী

শেখ হাসিনার অনুসারীরা পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি পেয়ে সারা দেশে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা উসকানি পেয়ে সারা দেশে নাশকতা করছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এ চেষ্টা সফল হবে না। প্রতিদিনই তারা গ্রেপ্তার হচ্ছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান রিজভী।

শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পতিত হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে ফিরে এলে তাঁর দণ্ড কার্যকর হবে।’

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ই-ঋণ’ পুনরর্থায়ন স্কিমের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকরা এ ঋণ সুবিধা নিতে পারবেন।

ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, তরুণ, শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে ডিজিটাল ঋণপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এ উদ্যোগের মূল লক্ষ্য।

অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার উদ্দেশ্যে স্কিমটি হালনাগাদ করা হয়েছে। গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ব্যবস্থায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ দেওয়া হবে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এ ঋণ নিতে পারবেন।

এ স্কিমের আওতায় সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫০ হাজার টাকা। ঋণের বিপরীতে গ্রাহককে কোনো জামানত দিতে হবে না। ফলে প্রচলিত ব্যাংকঋণ পেতে জামানত ও আনুষ্ঠানিকতার কারণে যারা সমস্যায় পড়েন, তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনরর্থায়ন সুবিধা পাবে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক কম সুদে ব্যাংকগুলোকে তহবিল সরবরাহ করবে, যাতে ব্যাংকগুলো নির্ধারিত শর্তে গ্রাহকদের ঋণ দিতে পারে।

ই-ঋণ পুনরর্থায়ন স্কিমে আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্রাধিকারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, নারী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

তবে এ সুবিধা পেতে আগ্রহীদের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কিমটির মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির সহকারী মুখপাত্র সাঈদা খানম।