রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল সার নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
ভেজাল সার নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল ও নকল সার নিয়ে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সঙ্গে চলতি বছরের আগস্টে মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল সার জব্দের ঘটনার সম্পর্ক রয়েছে। ওই ঘটনায় ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভেজাল সারসংক্রান্ত একটি ভিডিও পোস্ট মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওটি চলতি বছরের ২৭ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার জাল্লা বাজারে অবস্থিত ভাই ভাই এন্টারপ্রাইজ নামের একটি সার ডিলার প্রতিষ্ঠানে ভেজাল সার জব্দের ঘটনার।

মন্ত্রণালয় জানায়, ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রির বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ওই দিন মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযুক্ত ডিলারকে দুই লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠান ভাই ভাই এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্টে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ওই ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে প্রচারিত তথ্য সম্পূর্ণ অসত্য।

কৃষি মন্ত্রণালয় এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেছে।

মন্ত্রণালয় জানায়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান যাচাই করা হয়। এ ছাড়া সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়।

চার মাসে প্রবাস আয় ১১৪৬ কোটি ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
চার মাসে প্রবাস আয় ১১৪৬ কোটি ডলার ছাড়াল

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে বৈধ ব্যাংকিং ব্যবস্থায় প্রবাস আয় এসেছে এক হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার। এ সময়ে সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশিরা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চার মাসে সৌদি আরব থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।

অন্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার এবং কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার এসেছে।

এ ছাড়া ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

মাসওয়ারি হিসাবে, অক্টোবরে দেশে প্রবাস আয় এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার, আগস্টে ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার এবং জুলাইয়ে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার।

সারা দেশে নাশকতার পেছনে হাসিনার অনুসারীরা: রিজভী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
সারা দেশে নাশকতার পেছনে হাসিনার অনুসারীরা: রিজভী

শেখ হাসিনার অনুসারীরা পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি পেয়ে সারা দেশে নাশকতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

আজ রবিবার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে শেখ হাসিনার দোসররা উসকানি পেয়ে সারা দেশে নাশকতা করছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। তবে তাদের এ চেষ্টা সফল হবে না। প্রতিদিনই তারা গ্রেপ্তার হচ্ছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথাও জানান রিজভী।

শেখ হাসিনার দণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘পতিত হাসিনার দণ্ড হয়েছে। তিনি কোনোভাবে ফিরে এলে তাঁর দণ্ড কার্যকর হবে।’

জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘ই-ঋণ’ পুনরর্থায়ন স্কিমের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকরা এ ঋণ সুবিধা নিতে পারবেন।

ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, তরুণ, শিক্ষার্থী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ শর্তে ডিজিটাল ঋণপ্রাপ্তির সুযোগ সম্প্রসারণ এ উদ্যোগের মূল লক্ষ্য।

অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার উদ্দেশ্যে স্কিমটি হালনাগাদ করা হয়েছে। গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ব্যবস্থায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ দেওয়া হবে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এ ঋণ নিতে পারবেন।

এ স্কিমের আওতায় সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫০ হাজার টাকা। ঋণের বিপরীতে গ্রাহককে কোনো জামানত দিতে হবে না। ফলে প্রচলিত ব্যাংকঋণ পেতে জামানত ও আনুষ্ঠানিকতার কারণে যারা সমস্যায় পড়েন, তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনরর্থায়ন সুবিধা পাবে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক কম সুদে ব্যাংকগুলোকে তহবিল সরবরাহ করবে, যাতে ব্যাংকগুলো নির্ধারিত শর্তে গ্রাহকদের ঋণ দিতে পারে।

ই-ঋণ পুনরর্থায়ন স্কিমে আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্রাধিকারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, নারী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা, ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

তবে এ সুবিধা পেতে আগ্রহীদের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কিমটির মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির সহকারী মুখপাত্র সাঈদা খানম।