জাতীয়করণের আলোচনায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং জাতীয়করণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে উচ্চপর্যায়ের সভা ডেকেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, রবিবার দুপুর দেড়টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া।
সভাটির আলোচ্যসূচিতে সরাসরি ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ’ বিষয়টি রাখা হয়েছে। মূলত কোন প্রক্রিয়ায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনা যায়, তা নিয়ে আলোচনা হবে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সিদ্দিক জুবায়ের উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের আওতায় আনার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে রবিবারের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে কতটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আসতে পারে, কোন ধরনের প্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে এবং এ ক্ষেত্রে কী কী শর্ত থাকবে, তা এখনো স্পষ্ট নয়। রবিবারের সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া ওই সভা থেকেই জাতীয়করণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি পরবর্তী সময়ে আরও যাচাই-বাছাই করা হবে, সে বিষয়েও এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।










Disqus comments are not configured yet.