বাজিতপুরে জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, মনিরের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জের বাজিতপুরে আমিনুল হকের স্ত্রী লায়লা আঞ্জুমান আরা বেগমের সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় বাজিতপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে লায়লা আঞ্জুমান আরা বেগম যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে দেওয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও বাস্তবতা যাচাই না করে এ ধরনের বক্তব্যের মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান তিনি।
জমির মালিকানা প্রসঙ্গে মনির বলেন, প্রকৃত মালিকের কাছ থেকে বৈধ কাগজপত্রের ভিত্তিতে তিনি জমিটি কিনেছেন। তাঁর দাবি, সিএস ও আরএস রেকর্ড, খাজনা ও নামজারিসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেই জমি কেনা হয়েছে। অন্যদিকে, যারা জমিটির মালিকানা দাবি করছেন, তাঁদের কাছে বৈধ কাগজপত্র নেই বলে তিনি উল্লেখ করেন।
মামলার বিষয়ে তিনি বলেন, লায়লা আঞ্জুমান আরা বেগম জমি নিয়ে প্রথমে বাজিতপুর দেওয়ানি আদালতে একটি মামলা করেন। পরে কিশোরগঞ্জের দ্বিতীয় জেলা জজ আদালতেও আরেকটি মামলা করেন। তাঁর দাবি, দুটি মামলাই তাঁদের বিপক্ষে নিষ্পত্তি হয়েছে। পরবর্তী সময়ে হাইকোর্টে রুল জারি হলেও আইনগত প্রক্রিয়া শেষে তা বাতিল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে জমির মালিকানা ও রেকর্ড সংশোধনের বিষয়ে মনিরুজ্জামান মনির আরও বলেন, বাজিতপুর উপজেলার বসন্তপুর মৌজার সংশ্লিষ্ট জমি নিয়ে ২০২১ সালে বিপুল চন্দ্র দাস বাদী হয়ে ১৭২ নম্বর অন্য প্রকার মোকদ্দমা দায়ের করেন। ওই মামলায় ২০২২ সালের ৩১ অক্টোবর রায় এবং ৭ নভেম্বর ডিক্রি হয় বলে তিনি উল্লেখ করেন। পরবর্তী সময়ে আদালতের রায় ও ডিক্রির ভিত্তিতে আরএস রেকর্ড সংশোধন করে বিপুল চন্দ্র দাসের নামে ৫১১ নম্বর খতিয়ান সৃজন করা হয়। তাঁর দাবি, ওই মালিকের কাছ থেকেই তিনি জমিটি কিনেছেন।
সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনির গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, কোনো পক্ষের বক্তব্য প্রচারের আগে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ ও কাগজপত্র যাচাই করা প্রয়োজন। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, প্রয়োজন হলে প্রচলিত আইন অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন, সাবেক আহ্বায়ক মোস্তফা আমিনুল হক, সহসভাপতি মোহাম্মদ মহসিন মিয়া, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সহসভাপতি আনোয়ার হোসেন খাজা, উপজেলা কৃষক দলের সদস্যসচিব ফাইজুল ইসলাম টিটু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজ ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।













Disqus comments are not configured yet.