চার শিক্ষার্থীর জন্য আট শিক্ষক, বেতন-ভাতা নিচ্ছেন ১৪ জন
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী রয়েছে ৬০ জন। অথচ সরেজমিনে গিয়ে পাওয়া গেছে মাত্র চারজনকে। ষষ্ঠ শ্রেণিতে দুজন, সপ্তম ও অষ্টম শ্রেণিতে একজন করে। এই চার শিক্ষার্থীর পাঠদান করছিলেন একজন শিক্ষক। অন্যদিকে বিদ্যালয়টিতে শিক্ষক রয়েছেন আটজন। আয়া ও দপ্তরিসহ মোট ১৪ জন নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন। শিক্ষার্থীসংখ্যা ও উপস্থিতির এমন অসংগতির পাশাপাশি বিদ্যালয়ের পাঠদান এবং ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি কুঁড়েরপাড় নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়। সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করতেই চোখে পড়ে শ্রেণিকক্ষের সুনসান নীরবতা। শিক্ষার্থীদের কোলাহল নেই। ষষ্ঠ শ্রেণির কক্ষে দুজন শিক্ষার্থীকে খেলতে দেখা যায়। সপ্তম শ্রেণিতে একজন এবং অষ্টম শ্রেণিতে একজন শিক্ষার্থী উপস্থিত ছিল। তাঁদের মধ্যে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে একজন শিক্ষক পাঠদান করছিলেন।
বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা বই স্তূপ করে রাখা দেখা যায়। সেখানে কয়েকজন শিক্ষককে গল্পগুজব করতে দেখা গেছে। শিক্ষার্থীদের হাজিরা খাতা পর্যালোচনা করেও উপস্থিতি নিয়ে অসংগতি পাওয়া যায়। খাতার গত আগস্ট মাসের পরের অধিকাংশ অংশ অব্যবহৃত ও ফাঁকা রয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের নথিপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ দেখানোর অভিযোগও উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, করোনার আগে বিদ্যালয়টির প্রতিটি শ্রেণিতে ২০ জনের বেশি শিক্ষার্থী নিয়মিত ক্লাস করত। কিন্তু কয়েক বছর ধরে শিক্ষার্থীসংখ্যা ধারাবাহিকভাবে কমছে। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষকদের কার্যক্রমে অভিভাবকদের সন্তুষ্টি নেই। কয়েকজন শিক্ষক অবসরে যাওয়ার পর পাঠদান কার্যক্রমও আগের মতো হচ্ছে না। এ কারণে অভিভাবকেরা তাঁদের সন্তানদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘আমার বাড়ির পাশেই বিদ্যালয়টি। তারপরও কয়েক কিলোমিটার দূরের একটি স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছি। সেখানে লেখাপড়ার মান এই বিদ্যালয়ের চেয়ে ভালো। তা ছাড়া এ স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। এরপর অন্য স্কুলে ভর্তি হতে হবে। তাই আগে থেকেই মেয়েকে অন্য বিদ্যালয়ে ভর্তি করিয়েছি।’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কাগজে-কলমে শিক্ষার্থীসংখ্যা ৬০ জন। শিক্ষক রয়েছেন আটজন। আয়া ও দপ্তরিসহ বিদ্যালয়ের মোট ১৪ জন নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। তবে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির বাস্তব চিত্র নথিতে থাকা সংখ্যার সঙ্গে মিলছে না।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাফুজুল আলম বলেন, ‘বিদ্যালয়ের এক কিলোমিটারের মধ্যে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি কওমি মাদ্রাসা রয়েছে। এ কারণে ছাত্রীসংখ্যা কমে গেছে। এ ছাড়া অনেক শিক্ষার্থী কিন্ডারগার্টেনে পড়াশোনা করছে। এ বছর সমস্যাটি আরও বেশি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো, বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত। অষ্টম শ্রেণি পাস করার পর অন্য স্কুলে যেতে হয়। তাই অভিভাবকেরা প্রথম থেকেই অন্য বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করিয়ে দেন। আমরা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করছি, যাতে তাঁরা তাঁদের সন্তানদের এ বিদ্যালয়ে ভর্তি করান।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ‘শিক্ষার্থী বাড়ানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার তাগিদ দেওয়া হয়েছে। আমরাও সরেজমিনে গিয়ে বিষয়টি দেখেছি। আশপাশের কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের দেখিয়ে বিদ্যালয় পরিচালনা করছে কর্তৃপক্ষ।’
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। বিদ্যালয়টির বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলব। পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়, তা আমি তদারকি করব।’
এ বিষয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ‘শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলব।’
বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে প্রধান শিক্ষক আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন এবং অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের সীমাবদ্ধতার কথা বললেও স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষার মান ও পাঠদানের পরিবেশের ঘাটতিও এর জন্য দায়ী। সরেজমিনে পাওয়া উপস্থিতির চিত্র, হাজিরা খাতার অবস্থা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য—সব মিলিয়ে বিদ্যালয়টির শিক্ষাকার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে তদন্তের দাবি উঠেছে।













Disqus comments are not configured yet.