ইসলামিক ফাউন্ডেশনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের প্রাতিষ্ঠানিক উদ্যোগ শুরু হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা হস্তান্তর করেছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে এ কাঠামো হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় গত ১৭ সেপ্টেম্বর ইসলামিক ফাউন্ডেশনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চিঠি দেয়।
মন্ত্রণালয়ের ওই চিঠিতে ৪ আগস্ট অনুষ্ঠিত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত সভার সিদ্ধান্তের উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের পাশাপাশি উপজেলা পর্যায়ে জনবল কাঠামোসহ কার্যালয় স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়। এ জন্য প্রধান কার্যালয়, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় জনবল কাঠামো ও কার্যালয় স্থাপনের প্রস্তাবসহ খসড়া সাংগঠনিক কাঠামো এবং এর যৌক্তিকতাসহ পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও সাংগঠনিক রূপরেখা তৈরি করা হয়েছে। এতে প্রতিষ্ঠানের বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা ও ভবিষ্যৎ কর্মপরিধি বিবেচনায় নিয়ে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাব তুলে ধরা হয়েছে। পাশাপাশি পূর্ণাঙ্গ ও যুগোপযোগী সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) প্রণয়নের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন ও হাদিসবিষয়ক গবেষণা, ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ এবং হজ ব্যবস্থাপনায় সহযোগিতা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হলে প্রতিষ্ঠানটির প্রশাসনিক সক্ষমতা, সাংগঠনিক গতিশীলতা, মাঠপর্যায়ের কার্যক্রমের সমন্বয় এবং সেবার মান বাড়তে পারে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কার্যক্রমের সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকারিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রস্তাবিত কাঠামো হস্তান্তরের পর তা পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










Disqus comments are not configured yet.