মুক্তাগাছায় মসজিদের মিনার থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের বড় মসজিদের মিনারে রঙের কাজ করতে গিয়ে পড়ে মারা গেছেন ফরহাদ আলী (৩৫) নামে এক রঙমিস্ত্রি। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার আধপাখিয়া গ্রামের শামসুল হকের ছেলে।
সহকর্মী মিনহাজ মিয়া জানান, ফরহাদ এক পাশের কাজ শেষ করে অন্য পাশে যাওয়ার সময় পা পিছলে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাজের ঠিকাদার যোবায়ের হোসেন চপল বলেন, “৪ মাস ধরে আমরা এখানে কাজ করছি। শ্রমিকদের সতর্ক থাকতে বলা ছিল। দুর্ঘটনার সময় আমি সাইটে ছিলাম না। খবর পেয়ে এসে দেখি ফরহাদ আর নেই।”
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, ঠিকাদারের অবহেলা ও পর্যাপ্ত সেফটি ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ঠিকাদারের দায়িত্ব, কিন্তু যথাযথ সুরক্ষা ছাড়াই ঝুঁকিপূর্ণ কাজে লাগানো হয়েছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, মসজিদের পক্ষ থেকে শ্রমিকদের সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
দুর্ঘটনার পর মুক্তাগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মুক্তাগাছা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজের সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”










