শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

হন্ডুরাসের নির্বাচনে অস্বচ্ছ হস্তক্ষেপে ফের সমালোচনায় ট্রাম্প

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হন্ডুরাসের নির্বাচনে অস্বচ্ছ হস্তক্ষেপে ফের সমালোচনায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর লাতিন আমেরিকার রাজনীতিতে অস্বাভাবিকভাবে সক্রিয় ভূমিকা রাখছেন। ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিচার স্থগিত করতে চাপ প্রয়োগের চেষ্টা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেইকে রাজনৈতিক সহায়তা এবং ভেনেজুয়েলা–কলম্বিয়া উপকূলে যুক্তরাষ্ট্রের আলোচিত ‘মাদকবিরোধী অভিযান’—সব ক্ষেত্রেই তার প্রত্যক্ষ প্রভাব স্পষ্ট। তবে বিশ্লেষকেরা বলছেন, হন্ডুরাসের সাম্প্রতিক নির্বাচনে ট্রাম্পের হস্তক্ষেপ সবচেয়ে অস্পষ্ট, বিতর্কিত এবং বিপজ্জনক।

নির্বাচনের চার দিন আগে, গত ২৬ নভেম্বর ট্রাম্প প্রকাশ্যে সমর্থন দেন ডানপন্থি ন্যাশনাল পার্টির প্রার্থী নাস্রি ‘টিটো’ আসফুরাকে। তিনি ঘোষণা করেন, তাদের যৌথ প্রচেষ্টায় ‘নার্কোকমিউনিস্টদের’ মোকাবিলা সম্ভব হবে। ২৮ নভেম্বর ট্রাম্প সতর্ক করে বলেন, আসফুরা ছাড়া অন্য কেউ জয়ী হলে হন্ডুরাসে মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হবে। এর পরপরই তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে মাদকচক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে ৪৫ বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দেন। ২ ডিসেম্বর তিনি মুক্তি পান।

এই নাটকীয় পদক্ষেপ ভোটের ফলাফলে ঠিক কতটা প্রভাব ফেলেছে—তা এখনো স্পষ্ট নয়। কেউ কেউ মনে করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ভোটারদের একাংশ আসফুরাকে সমর্থন দিয়েছেন। আবার অনেকে হার্নান্দেজের মুক্তিকে ‘নার্কো–স্টেটের আশঙ্কা’ হিসেবে দেখেছেন এবং ন্যাশনাল পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। নির্বাচনের রাতে ৩৪ শতাংশ ভোট গণনায় আসফুরা এগিয়ে থাকলেও পরবর্তীতে ব্যবধান দ্রুত কমে যায়। ৩ ডিসেম্বর ৮০ শতাংশ ভোট গণনায় মধ্য–ডানপন্থি লিবারেল পার্টির প্রার্থী ও সাবেক টিভি উপস্থাপক সালভাদোর নাসরালা প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে যান। চূড়ান্ত ফল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের ৩০ দিন পর্যন্ত সময় রয়েছে।

হন্ডুরাসের দুর্গম এলাকায় ধীরগতির ভোট পরিবহন ও গণনা এ নির্বাচনে উত্তেজনা আরও বাড়িয়েছে। সেনাবাহিনীর মাধ্যমে গ্রামীণ ব্যালট রাজধানীতে পৌঁছাতে সময় লাগায় প্রথমদিন শহরভিত্তিক কেন্দ্রের ফল বেশি প্রতিফলিত হয়। এই প্রক্রিয়া ঘনিষ্ঠ লড়াইয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর ওপর ২ ডিসেম্বর নাসরালা এগিয়ে যেতেই ট্রাম্পের ‘কারচুপির’ অভিযোগ ও ‘মাশুল দিতে হবে’ ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

বিশ্লেষকেরা বলছেন, বামঘেঁষা প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর দল লিব্রে–র প্রতি ট্রাম্পের তীব্র বিরাগই তাঁর এমন আচরণের মূল কারণ। তিনি নাসরালাকেও ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়েছেন, যদিও নাসরালা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রপন্থি রাজনীতির সমর্থক। অন্যদিকে হার্নান্দেজকে ক্ষমার ক্ষেত্রে ট্রাম্পের যুক্তি ছিল ‘যৌথ ষড়যন্ত্রের শিকার’—যা বিশেষজ্ঞদের কাছে হাস্যকর ও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ডিইএ কর্মকর্তারা এ সিদ্ধান্তকে ‘অসঙ্গত’ ও ‘মাদকবিরোধী যুদ্ধের প্রতি আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন।

সমালোচকেরা মনে করছেন, ট্রাম্পের এই হস্তক্ষেপ ও রাজনৈতিক নাটকীয়তায় হন্ডুরাসের জরুরি ইস্যু—অর্থনীতি, দুর্নীতি ও অপরাধ দমনের মতো বাস্তব সমস্যাগুলো আড়ালে চলে গেছে। তারা বলছেন, “হন্ডুরাসের জনগণের জীবন–সংগ্রাম নিয়ে ট্রাম্পের কোনো প্রকৃত আগ্রহ নেই; এটি কেবল তাঁর বৃহত্তর রাজনৈতিক নাটকের অংশ মাত্র।”

বকেয়া কর আদায়ে ভিন্ন পথ: কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার ঘোষণা

আজিজুল ইসলাম প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
বকেয়া কর আদায়ে ভিন্ন পথ: কুলিয়ারচরে সপ্তাহব্যাপী মেলার ঘোষণা

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার বকেয়া পৌরকর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় পৌরসভা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর পৌরসভার প্রশাসক মো. ইয়াসিন খন্দকার। তিনি বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখা এবং নাগরিক সেবার মানোন্নয়নে বকেয়া কর আদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নাগরিকদের ওপর চাপ সৃষ্টি না করে উৎসবমুখর পরিবেশে কর পরিশোধে উদ্বুদ্ধ করতেই এই মেলার আয়োজন করা হচ্ছে।

তিনি আরও জানান, মেলায় করদাতাদের জন্য বিশেষ ছাড় বা প্রণোদনার বিষয়টি বিবেচনায় রয়েছে, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বকেয়া পরিশোধে আগ্রহী হন।

পৌর প্রশাসক বলেন, “পৌরসভা আমাদের সবার। সময়মতো পৌরকর পরিশোধ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমরা চাই, এই মেলার মাধ্যমে মানুষ সহজ ও আনন্দঘন পরিবেশে তাদের বকেয়া পরিশোধ করুক।” এ লক্ষ্যে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা মেলার প্রচার-প্রচারণা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ঐতিহাসিক সিদ্ধান্ত, ফেরিঘাটে ১০ দিন টোলমুক্ত পারাপার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
জেলা পরিষদ প্রশাসকের উদ্যোগে ঐতিহাসিক সিদ্ধান্ত, ফেরিঘাটে ১০ দিন টোলমুক্ত পারাপার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখোলা ও মিঠামইন ফেরিঘাটে দীর্ঘদিনের টোল আদায় সংক্রান্ত জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ দিন এই দুটি ফেরিঘাট দিয়ে কৃষকদের যাতায়াতে কোনো প্রকার টোল বা টাকা নেওয়া হবে না।

সম্প্রতি বালিখোলা ফেরিঘাটে অতিরিক্ত ও অবৈধ টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বোরো মৌসুমে ধান পরিবহনের সময় এমন হয়রানিতে চরম ভোগান্তিতে পড়েন কৃষকরা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের উচ্চপর্যায়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

কৃষকদের এই দুর্ভোগ লাঘবে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক এবং জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলের সমন্বয়ে ইজারাদারদের সঙ্গে আলোচনা করে টোলমুক্ত রাখার এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল সরেজমিনে ফেরিঘাট পরিদর্শন করে সংশ্লিষ্ট ইজারাদারদের সঙ্গে কথা বলেন এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে বিষয়টির নিষ্পত্তি করেন। তিনি জানান, বোরো মৌসুমে কৃষকদের উৎপাদিত ধান নির্বিঘ্নে পরিবহনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “কৃষকদের স্বার্থে কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত টোল আদায় বা জোরপূর্বক টাকা নেওয়ার ঘটনা সহ্য করা হবে না। প্রয়োজনে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় কৃষকরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, ধান কাটার মৌসুমে ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছিল, যা তাদের জন্য বড় ধরনের চাপ তৈরি করেছিল। টোলমুক্ত সিদ্ধান্তে তাদের খরচ কমবে এবং ফসল পরিবহন সহজ হবে।

বিশেষজ্ঞদের মতে, হাওরাঞ্চলে কৃষি উৎপাদন ও বাজারজাতকরণে পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় কৃষকের লাভের অংশ কমিয়ে দেয় এবং বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে।

প্রশাসনের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত শুধু সাময়িক স্বস্তিই নয়, বরং কৃষিবান্ধব নীতিনির্ধারণের একটি ইতিবাচক উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে ফেরিঘাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নির্ধারিত টোল কাঠামো এবং নিয়মিত মনিটরিং নিশ্চিত করার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

অষ্টগ্রাম হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা পরিষদ প্রশাসক

আলী রহমান খান প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অষ্টগ্রাম হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা পরিষদ প্রশাসক

কিশোরগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা অষ্টগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল। তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সরাসরি কৃষকদের জমিতে গিয়ে তাদের ক্ষয়ক্ষতির চিত্র দেখেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে তাদের অধিকাংশ জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। ফলে তারা পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। অনেকেই সারা বছরের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল কৃষকদের সান্ত্বনা দিয়ে বলেন, সরকার হাওরাঞ্চলের কৃষকদের পাশে রয়েছে এবং থাকবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “হাওরের কৃষকরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহায়তা পৌঁছে দিতে আমরা কাজ করছি।”

প্রশাসকের এই মাঠপর্যায়ের উপস্থিতি ও আশ্বাসে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত সরকারি সহায়তা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান স্বপন,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু,ইটনা উপজেলা বিএনপির সিনয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, অষ্টগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজামুল হক নজরুল, শাহ মোয়াজ্জেম হোসেন ইয়াকুব, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলী রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।