‘ছাগল চড়ে ভোট’ নয়, জনগণের অংশগ্রহণে মুখর হবে কেন্দ্র: ধর্ম উপদেষ্টা
অতীতে ভোটের দিন স্কুলের মাঠে ছাগল চড়ে ভোটকেন্দ্রে আসার দৃশ্য নজর কাড়লেও এবার সে চিত্র আর দেখা যাবে না। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটকেন্দ্রগুলো মুখরিত হবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই প্রথম দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটকেন্দ্র হবে উৎসাহ-উদ্দীপনায় ভরপুর।
উপদেষ্টা আরও জানান, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা চালু থাকবে। কেউ অনিয়ম বা অপরাধ করলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হবে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ যদি মনে করে ভোটের প্রয়োজন নেই, তাহলে তারা ‘না’ ভোট দিতে পারবে। আর প্রয়োজন মনে করলে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মত প্রকাশ করবে। হ্যাঁ ভোটের প্রচারণায় কেউ বাধা সৃষ্টি করলে তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) জানাতে নির্দেশ দেন তিনি।
ধর্ম উপদেষ্টা সতর্ক করে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো প্রার্থী বা প্রতীকের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। কেউ এ ধরনের আচরণ করলে নির্বাচন কমিশনকে অবহিত করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় তিনি গণভোটের প্রচারণায় সরকারের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানান মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত ও গির্জার প্রতিনিধিদের প্রতি।







