আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার।
২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। সে সময় বেগম খালেদা জিয়া গুলশানের নিজ কার্যালয়ে পুলিশি অবরোধের মধ্যে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
মৃত্যুর চার দিন পর, ২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে আনা হয়। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুবার্ষিকীতে গভীর শোক জানিয়েছে বিএনপি।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ঘর আলোকিত করে ১৯৭০ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো।
রাজনৈতিক পরিবারে জন্ম হলেও তিনি সরাসরি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না। বরং একজন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবেই বেশি পরিচিত ছিলেন। ব্যবসা, ক্রীড়া এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি নিজেকে সক্রিয়ভাবে নিয়োজিত রেখেছিলেন।
তিনি ২০০৩ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এবং একই সঙ্গে বিসিবির একজন সদস্যও ছিলেন। এ ছাড়া তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মইন-ফখরুদ্দীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে ২০০৮ সালের ১৭ জুলাই জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে থাইল্যান্ডে যান তিনি। সেখান থেকে মালয়েশিয়ায় চলে যান এবং স্ত্রী ও দুই কন্যাসহ সেখানেই বসবাস করছিলেন।







