দীর্ঘ নারী প্রধানমন্ত্রী অধ্যায়ের ইতি? পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে জোটগতভাবে ২১২টি এবং ধানের শীষ প্রতীকে এককভাবে ২০৯টি আসনে জয়লাভের পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে কে বসছেন।
দলীয় প্রধান হিসেবে তারেক রহমানই প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে সম্ভাব্য ব্যক্তি হিসেবে আলোচনায় রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ আবারও একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।
১৯৮৯ সালে এরশাদ সরকারের সময়ে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯০ সালের পর থেকে দেশের সরকারপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন কেবল বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। বেগম খালেদা জিয়া তিন দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন, আর শেখ হাসিনা পাঁচ দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে। ওই প্রেক্ষাপটে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই সরকারের অধীনেই অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।









