কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ৯ পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আর ৫ পদে সমন্বয় পরিষদ
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি-র বার্ষিক নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অপরদিকে ৫টি পদে জয় পেয়েছেন আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা।
বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ১৯৯ ভোট পেয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম শহীদ পেয়েছেন ১৭৫ ভোট।
সহসভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট এম. এ. সাজাদ্দুল হক ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। একই পদে আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মুফতি মো. জাকির খান ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন। তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল পেয়েছেন ১৬৬ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে আইনজীবী সমন্বয় পরিষদের অ্যাডভোকেট মো. আবু সাইম ২২৭ ভোট এবং অ্যাডভোকেট সাজ্জাদুল হক ভূঁইয়া ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
লাইব্রেরিয়ান পদে অ্যাডভোকেট মো. আবু বাক্কার সিদ্দিক মিলন, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম এবং অডিটর পদে অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ভূঁইয়া উৎপল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা সবাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী।
সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট মো. আবু হানিফ ৩৬০ ভোট, অ্যাডভোকেট মো. সারওয়ার আলম ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. সোহাগ মিয়া ২৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সদস্য পদে আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মো. কোরবান আলী ৩৩৭ ভোট এবং অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম ৩৩৮ ভোট পেয়ে বিজয়ী হন।







