শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৩০ ১৪৩২

রামপালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাঃ বরকনেসহ নিহত ১৪

এক বাড়িতে ৯ মসজিদের খাটিয়া এনে ৯ স্বজনের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:০৫ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
এক বাড়িতে ৯ মসজিদের খাটিয়া এনে ৯ স্বজনের জানাজা সম্পন্ন

বাগেরহাটের রামপাল উপজেলা-এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বর–কনেসহ ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বৃহস্পতিবার(১২ মার্চ) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

নিহতদের মধ্যে একই পরিবারের ৯ জন রয়েছেন। তারা হলেন বর আহাদুর রহমান, তাঁর বাবা আবদুর রাজ্জাক, ভাই আবদুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া (ঐশী), বোনের ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম (জনি)-এর স্ত্রী ফারহানা সিদ্দিকা (পুতুল) এবং তাঁদের সন্তান আলিফ, আরফা ও ইরাম।

অন্য নিহতরা হলেন কনে মার্জিয়া আক্তার (মিতু), তাঁর ছোট বোন লামিয়া আক্তার, দাদি রাশিদা বেগম, নানি আনোয়ারা বেগম এবং মাইক্রোবাসের চালক নাঈম। চালক নাঈমের বাড়ি রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিংগেরবুনিয়া গ্রামে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার(১১ মার্চ) রাতে কয়রা উপজেলা-এর আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের সঙ্গে মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছেলে আহাদুর রহমানের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার(১২ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে বর–কনেসহ দুই পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে মোংলার উদ্দেশে রওনা দেন। পথে রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ ১৪ জন নিহত হন। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত বর আহাদুর রহমানের মোংলা শহরে একটি মোবাইল ফোনের দোকান ছিল। আর কনে মার্জিয়া আক্তার নাকসা আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার(১৩ মার্চ) ভোরে নিহত বরের পরিবারের সদস্যদের মরদেহ মোংলা-এর শেহালাবুনিয়া এলাকায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরের বাড়ির পাশে উপজেলা পরিষদ চত্বরে মরদেহগুলো রাখা হয়। আশপাশের ৯টি মসজিদ থেকে খাটিয়া এনে গোসল শেষে একে একে নয় স্বজনের মরদেহ খাটিয়ায় তোলা হয়। পরে জুমার নামাজের পর উপজেলা পরিষদ চত্বরে তাদের জানাজা সম্পন্ন করা হয়। জানাজা শেষে স্থানীয় পৌর কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কাপাসিয়ায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ
কাপাসিয়ায় কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

কাপাসিয়া উপজেলা-এ যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সূর্যনারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কাপাসিয়াগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ডিমবোঝাই একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের এক যাত্রী, বাসচালক এবং কাভার্ড ভ্যানের সহকারী আহত হন। গুরুতর আহত অবস্থায় কাভার্ড ভ্যানের চালককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সংঘর্ষে বাস ও কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে–মুচড়ে যায়। এ সময় কাভার্ড ভ্যানের ভেতরে থাকা বিপুল পরিমাণ ডিম ভেঙে সড়কে ছড়িয়ে পড়ে।

আহতদের উদ্ধার করে কাপাসিয়ার জোবায়দা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অনন্যা ক্লাসিক পরিবহনের আহত এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

কাপাসিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম জানান, দ্রুতগতিতে চলার সময় সাইড দিতে গিয়ে বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের চালক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ১৩তম জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এই শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

‘দৈনিক কিশোরগঞ্জ’ অনলাইনে ভিডিও প্রকাশ

হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:২৩ অপরাহ্ণ
হোসেনপুরে খাস জমিতে ভবন নির্মাণে নড়েচড়ে বসেছে প্রশাসন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর বাজার হাজীঘাট এলাকায় নরসুন্দা নদীর তীরে সরকারি খাস জমি ভরাট করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সেখানে আগে একটি ঘাট এবং পানি নিষ্কাশনের একটি কালভার্ট ছিল। অভিযোগ রয়েছে, কালভার্টটি ভরাট করে ভবন নির্মাণের চেষ্টা করছেন শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্বপন।

এ বিষয়ে ‘দৈনিক কিশোরগঞ্জ অনলাইন’-এ ‘কেউ কি দেখে না, নাকি দেখেও নীরব?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশিত হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খাস জমিতে স্থাপনা নির্মাণ এবং নদীর পানি প্রবাহে বাধা সৃষ্টি সংক্রান্ত বিষয়টি তার নজরে রয়েছে। এ বিষয়ে কাগজপত্র যাচাই ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য সহকারী কমিশনার (ভূমি)কে নির্দেশনা দেওয়া হয়েছে।

সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে এবং একই দিন ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

পরে দুপুর ১২টার আগেই সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শনে যান বলে জানা গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, স্থাপনা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পক্ষকে তাদের কাগজপত্রসহ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের নির্মাণকাজ না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান স্বপনের সঙ্গে সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যাওয়ার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।