প্রথমার্ধেই শেষ খেলা, ভিয়েতনামের কাছে নত বাংলাদেশ
ভিয়েতনামের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে আত্মবিশ্বাস নিয়ে সিঙ্গাপুরকে মোকাবিলা করার প্রত্যাশা ছিল বাংলাদেশের। তবে বৃহস্পতিবার হ্যানয়ে হ্যাভিয়ের ক্যাবরেরার দল বুঝিয়ে দিল আন্তর্জাতিক ফুটবলে ভিয়েতনাম আর বাংলাদেশের ব্যবধান কতটা।
প্রথমার্ধেই করা তিন গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে স্বাগতিক ভিয়েতনাম। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর একাধিক সুযোগ পেলেও তিনটি আক্রমণ ক্রসবার ও পোস্টে লেগে ফিরে যায়।
বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মতো কোনো খেলাই দেখাতে পারেনি। চারটি পরিবর্তন—জামাল ভূঁইয়া, শাহরিয়ার ইমন, বিশ্বনাথ ঘোষ ও সুমন রেজাকে নামিয়েও কোনো সুফল পাননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। স্বাগতিকদের গোছানো ফুটবলের বিপরীতে বাংলাদেশের পরিকল্পনা কার্যকর হয়নি।
এই ম্যাচে ক্যাবরেরা একাদশে ৫ জন প্রবাসী খেলোয়াড় নিয়ে দল সাজান, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম। এর আগে কোনো আন্তর্জাতিক ম্যাচে একসঙ্গে চারজনের বেশি প্রবাসী খেলেননি।
মাঝমাঠে শামিত সোম কিছু নিখুঁত পাস দিলেও আক্রমণভাগ তা কাজে লাগাতে ব্যর্থ হয়। হামজা দেওয়ান চৌধুরী শেষদিকে রক্ষণ ছেড়ে আক্রমণে উঠে এলেও উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেননি। তার একটি শটও লক্ষ্যভ্রষ্ট হয়।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। ম্যাচের অষ্টম মিনিটে কর্নার থেকে প্রথম গোলটি আসে। দো হোয়াংয়ের শট বাংলাদেশের খেলোয়াড় জায়ান আহমেদের গায়ে লেগে জালে জড়ায়।
১৮ মিনিটে ফ্রিকিক থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ান মান। ৩৮ মিনিটে হাইলং দুই ডিফেন্ডারকে কাটিয়ে তৃতীয় গোলটি করেন।
প্রথমার্ধে বাংলাদেশের পক্ষে ফয়সাল আহমেদ ফাহিমের একটি ভলি ভিয়েতনামের গোলরক্ষক রক্ষা করেন। এছাড়া সোহেল রানার একটি শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে তেমন কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
আগামীকাল (শুক্রবার) ভিয়েতনাম থেকে সিঙ্গাপুরে যাবে বাংলাদেশ দল। ৩১ মার্চ স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই মিশন শেষ করবে তারা। যদিও বাংলাদেশ আগেই বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে, ফলে ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতা।
কোচ ক্যাবরেরার লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ভালো একটি ম্যাচ খেলে মিশন শেষ করা। তবে ভিয়েতনামের বিপক্ষে দলের পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা অনেকটাই কমে গেছে।







