বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৬ ১৪৩২
বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৬ ১৪৩২

কুলিয়ারচরে ১৮শ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ প্রণোদনা বিতরণ

আজিজুল ইসলাম প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কুলিয়ারচরে ১৮শ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ প্রণোদনা বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ১ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও আউশ চাষের প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি এ কর্মসূচির উদ্বোধন করেন।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষকদের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী কৃষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রেখেছে। তিনি বলেন, খাল খননসহ কৃষি উন্নয়নমূলক নানা উদ্যোগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা আগামী পহেলা বৈশাখ থেকে কার্যকর হতে পারে। পাট চাষিদের সুবিধার্থে উন্নত মানের বীজ সরবরাহ অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই। তিনি দাবি করেন, আগামী তিন থেকে চার মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ব্যবহার ও অপ্রয়োজনীয় মজুদের কারণে বাজারে সাময়িক অস্থিরতা তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন প্রতিমন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কুলিয়ারচর বাজার লঞ্চঘাট এলাকায় কালী নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি নৌ-যোগাযোগ সচল রাখতে গৃহীত পদক্ষেপগুলো তদারকি করেন এবং লঞ্চঘাটে নতুন জেটি নির্মাণের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন। এছাড়া তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ফয়জুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারসহ সংশ্লিষ্টরা।

কিশোরগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জে পুলিশের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) কিশোরগঞ্জ মডেল থানাধীন তারাপাশা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা পুলিশ-এর সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সর্বশেষ এ অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মামুন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল কিশোরগঞ্জ মডেল থানাধীন তারাপাশা এলাকার একটি স্থানে বিশেষ অভিযান চালায়। অভিযানে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সতর্কবার্তাঃ ১১ দলে নেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
সতর্কবার্তাঃ ১১ দলে নেই চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত ‘১১ দলীয় জোট’ বা সমঝোতা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগেই নিজেদের প্রত্যাহার করে নিয়েছে। তবে এখনো বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন পোর্টালে ১১ দল সংশ্লিষ্ট সংবাদের ফটোকার্ডে দলটির লোগো ব্যবহার করা হচ্ছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ধরনের লোগো ব্যবহার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ দলীয় সমঝোতা থেকে সরে আসার প্রধান কারণ ছিল ‘শরিয়াহ’ প্রশ্নে জোটের অস্পষ্টতা এবং নীতিগত অবস্থান থেকে বিচ্যুতি। এই আদর্শিক পার্থক্যের কারণেই ইসলামী আন্দোলন জোট ত্যাগ করে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৫৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের পর থেকে দলটির রাজনৈতিক পথ সম্পূর্ণ আলাদা এবং বর্তমানে ওই ১১ দলের সঙ্গে তাদের কোনো যৌথ কর্মসূচি নেই বলেও এতে উল্লেখ করা হয়।

ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে, কিছু গণমাধ্যম এখনো ১১ দল সম্পর্কিত সংবাদের সঙ্গে তাদের লোগো ব্যবহার করছে, যা কেবল ভুল তথ্যই নয়, বরং সাধারণ সমর্থকদের মাঝেও বিভ্রান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে নিজস্ব নীতি ও আদর্শের ভিত্তিতে এককভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এবং ১১ দলের কোনো সিদ্ধান্ত, কর্মসূচি বা বিবৃতির দায়ভার তাদের ওপর বর্তাবে না। ভবিষ্যতে এ ধরনের ফটোকার্ড বা গ্রাফিক্স ব্যবহারের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
ঢাকাসহ ৬ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে শিলাবৃষ্টি

সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) আগামী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে, মঙ্গলবার দুপুরের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। বিশেষ করে খুলনার কয়রা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এতে জনজীবনে সাময়িক স্বস্তি এলেও ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় বায়ুমণ্ডলে এই অস্থিরতা তৈরি হয়েছে। পরবর্তী নির্দেশনায় নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।