লাইনের নিয়ম ভেঙে তেল নিতে গিয়ে ইউএনওর নজরে ধরা খেলো কারারক্ষী
কিশোরগঞ্জে ফিলিং স্টেশনে লাইনের তোয়াক্কা না করে নম্বরবিহীন মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়ে এক কারারক্ষী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হাতে আটক হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আটক কারারক্ষীর নাম শিহাব আহমেদ। তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে কর্মরত।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিহাব আহমেদ নম্বরবিহীন একটি মোটরসাইকেল নিয়ে ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছিলেন। তবে তিনি সেই লাইন উপেক্ষা করে সরাসরি তেল নেওয়ার চেষ্টা করেন, যা উপস্থিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।
ঘটনাস্থলে তখন জ্বালানি তেল বিতরণ কার্যক্রম তদারকিতে ছিলেন সদর উপজেলার ইউএনও কামরুল হাসান মারুফ। মোটরসাইকেলে কোনো রেজিস্ট্রেশন নম্বর না থাকায় তিনি শিহাব আহমেদকে থামান এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান। কিন্তু তিনি বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন।
পরে ইউএনও তাকে আটক করে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের কাছে হস্তান্তর করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বলেন, “আটক কারারক্ষীকে জেল সুপারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, “বিষয়টি আমাদের জানানো হয়েছে। সংশ্লিষ্ট কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”




