কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফিডিং (পুষ্টি খাদ্য) কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা এই ফিডিং কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত, তাদের সবাইকে শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাবারের পুষ্টিমান ও গুণগত মান নিশ্চিত করতে হবে। শিশুদের সুষম পুষ্টি নিশ্চিত করা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, সাকিল আহমদ ও রেজা ই রাব্বী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বিশ্বজিৎ সাহা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী, যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন এবং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক কামরুল ইসলাম মুছা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার বিতরণ করা হয়। বক্তারা জানান, আগামী এক বছর ধরে নিয়মিতভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণের এ কর্মসূচি অব্যাহত থাকবে।




