“ক্রীড়া হবে সেতুবন্ধন”: কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
“ক্রীড়া হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ক্রীড়া শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, বরং মানসিক বিকাশ, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বলা হয়, নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তোলা সম্ভব।




