হোসেনপুরে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তারিকুল ইসলাম ইমনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় বিচারের দাবিতে সোমবার (৬ এপ্রিল) দুপুরে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনের পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক কিশোরগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. মাসুদ আলম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক (বাক্কার), পৌর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক মানসুরুল হক রবিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাফায়েত হোসেন সম্রাট, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূঁইয়া হিমেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, পৌর ছাত্রদলের সদস্যসচিব রিমন মিয়া, লেখক ও কলামিস্ট মিজানুর রহমান মামুন, গণঅধিকার পরিষদের পৌর শাখার সভাপতি মনিরুল হক মানিকসহ উপজেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
বক্তারা বলেন, তারিকুল ইসলাম ইমন একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এই নির্মম হত্যাকাণ্ড পুরো এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে তারিকুল ইসলাম (২১) নামের কলেজছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।




