শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৮ ১৪৩২
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৮ ১৪৩২

হাইওয়ে থানায় আকস্মিক পরিদর্শনে ডিআইজি!

জয়নাল আবেদীন রিটন প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
হাইওয়ে থানায় আকস্মিক পরিদর্শনে ডিআইজি!

কিশোরগঞ্জের ভৈরব হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেছেন হাইওয়ে রেঞ্জের ডিআইজি ইমতিয়াজ আহমেদ। সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তিনি থানা প্রাঙ্গণে উপস্থিত হন।

থানায় পৌঁছালে ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. রেজাউল করিম। এরপর তিনি থানা পুলিশের একটি চৌকস দলের দেওয়া ‘গার্ড অব অনার’ গ্রহণ করেন। গার্ড অব অনারে নেতৃত্ব দেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী। এসময় ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ডিআইজি ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, “হাইওয়ে পুলিশের সক্ষমতা ও জনবল বাড়াতে ৬ হাজার নতুন পুলিশ নিয়োগের একটি প্রস্তাবনা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। আশা করছি সরকার এটি দ্রুত বিবেচনা করবে।”

মহাসড়কের নিরাপত্তা ও দুর্ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের কারণে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সড়কের পাশে অসংখ্য ফিডার রোড থাকায় এসব ছোট যানবাহন সহজেই মহাসড়কে ঢুকে পড়ছে। এ ক্ষেত্রে আলাদা লেন করা সম্ভব হলে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা যেত। সীমাবদ্ধতা সত্ত্বেও হাইওয়ে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে এসব যানবাহনকে জরিমানার আওতায় আনছে।”

তিনি আরও উল্লেখ করেন যে, দেশে প্রায় ৮ হাজার ৮০০ কিলোমিটার মহাসড়কের নিরাপত্তায় মাত্র আড়াই হাজার পুলিশ সদস্য নিয়োজিত আছেন। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট ও উন্নত যানবাহনের অভাবে পুলিশকে নানা প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে। পরিদর্শন শেষে তিনি থানার অভ্যন্তরীণ কার্যক্রম পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হোসেনপুরে ২,৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
হোসেনপুরে ২,৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, হোসেনপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান চন্দন, বিএনপি নেতা মো. কদ্দুস মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, ফেরদৌস আলম, জিনারী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা দিলশাদ মুন্নীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষক-কৃষাণীরা।

কর্মসূচির আওতায় উপজেলার ২,৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন মৌসুমের জন্য প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি ধানের বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের উৎসাহিত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফলের আলোকে সংবিধান সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৯ এপ্রিল) বাদ আসর জামায়াত নেতৃত্বাধীন জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে শহরের নগুয়া শেষ মোড় মসজিদের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, অধ্যাপক কাজী মো. সাইফুল্লাহ, রাজনৈতিক বিভাগের সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, এনসিপি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ ইকরাম হোসেন, সদর উপজেলা জামায়াতের আমির ক্বারী মাওলানা নজরুল ইসলাম এবং শহর জামায়াতের সেক্রেটারি আ. ন. ম. নঈমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

হিমেল হাওয়ায় ফাগুনের গান: বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
হিমেল হাওয়ায় ফাগুনের গান: বসন্ত উৎসবে রঙিন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়

“হিমেল হাওয়ায় ফাগুনের গান, বসন্ত এলো রাঙাতে প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বসন্ত উৎসব ১৪৩২।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবটির আয়োজন করা হয়। শুরু থেকেই পুরো ক্যাম্পাস জুড়ে ছিল রঙিন সাজসজ্জা, শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং উৎসবমুখর আবহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, কিশোরগঞ্জের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদুল হাসান।

কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র ইশাখাঁ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে বসন্ত উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়।

পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তারা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসন্ত উৎসবের মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াতে সহায়ক।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্ব। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তিসহ নানা পরিবেশনায় অংশগ্রহণ করে। মনোমুগ্ধকর এসব পরিবেশনায় উপস্থিত দর্শনার্থীরা মুগ্ধ হন এবং বারবার করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

দিনব্যাপী এ বসন্ত উৎসব আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয়, যা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে দারুণ সাড়া ফেলে।