কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপন
“Together for Health, Stand with Science” এবং “স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় সিভিল সার্জন কার্যালয়, কিশোরগঞ্জের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৭ এপ্রিল World Health Organization (WHO)-এর উদ্যোগে বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্সিং শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ মজিবর রহমান, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডা. সাইফুল ইসলাম, পরিচালক (ভারপ্রাপ্ত), শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং ডা. মীর নুর-উস-সাদ, সহকারী অধ্যাপক (কমিউনিটি মেডিসিন), একই কলেজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন, জেলার চারটি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, মেডিকেল অফিসারবৃন্দ, UNICEF-এর ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট, BRAC ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের প্রতিনিধিবৃন্দ, সিনিয়র স্টাফ নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, নার্সিং কলেজের শিক্ষার্থীসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. পল্লব কুমার দেবনাথ, মেডিকেল অফিসার, সিভিল সার্জন কার্যালয়, কিশোরগঞ্জ।
সভায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের অভূতপূর্ব ভূমিকা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন ডা. আজিজুল হক তানজিল। তিনি বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনরক্ষা ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আলোচনা সভায় কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হাম রোগের বিস্তার রোধে জেলা স্বাস্থ্য বিভাগের গৃহীত পদক্ষেপসমূহ গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে সদর উপজেলার মুকসেদপুর ইউনিয়নে BRAC Health Programme-এর উদ্যোগে একটি সমন্বিত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত সাধারণ মানুষের ওজন, উচ্চতা, রক্তচাপ, ডায়াবেটিস এবং চক্ষু পরীক্ষা করা হয়।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।







