পাকুন্দিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পাকুন্দিয়া উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০টির বেশি স্কুল ও কলেজ অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক উপস্থাপনা মেলায় প্রদর্শিত হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মোহাম্মদ দৌলত হোসেন ভূঁইয়া, পাকুন্দিয়া সরকারি কলেজের প্রভাষক জেনী আক্তারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।
দিনব্যাপী আয়োজিত মেলা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী সেরা স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।







