করিমগঞ্জে নতুন ইউএনও উম্মে মুসলিমা: সততা ও দক্ষতায় গড়া এক প্রশাসনিক কর্মকর্তা
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা উম্মে মুসলিমা।
এর আগে তিনি নরসিংদী জেলায় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি শাখা ও জেনারেল সার্টিফিকেট শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৫ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। পরবর্তীতে ৩১ মার্চ জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়।
মঙ্গলবার(৭ এপ্রিল) তিনি পূর্ববর্তী ইউএনও’র কাছ থেকে দায়িত্বভার ও কাগজপত্র বুঝে নেন। পরদিন বুধবার(৮ এপ্রিল) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রম শুরু করেন।
এর আগে উম্মে মুসলিমা কুমিল্লার মেঘনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে কর্মরত থাকাকালীন তিনি ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করা এবং জনসেবা সহজীকরণের লক্ষ্যে বেশ কিছু কার্যকর ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন। তার এসব উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং প্রশাসনিক দক্ষতার জন্য তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন।
সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনে তিনি নিজেকে একজন মানবিক ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে তার দৃঢ় অবস্থান ইতোমধ্যেই সুপরিচিত।
উম্মে মুসলিমা ৩৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেন। শিক্ষাজীবন থেকেই তিনি মেধাবী, বিনয়ী ও মানবিক গুণাবলীর অধিকারী হিসেবে পরিচিত ছিলেন।
সুশিক্ষা, সততা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়ন ও জনকল্যাণে অবদান রেখে চলেছেন। করিমগঞ্জ উপজেলায় তার যোগদানের মাধ্যমে স্থানীয় প্রশাসনে গতিশীলতা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।







