জাতীয় আইনগত সহায়তা দিবসে বাজিতপুরে বর্ণাঢ্য র্যালি
“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় বাজিতপুর সিনিয়র সিভিল কোর্ট চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি চৌকি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে ডাকবাংলো সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিতে নেতৃত্ব দেন বাজিতপুর লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সিনিয়র সিভিল সহকারী জজ আব্দুল হালিম এবং ভৈরবের সিনিয়র সিভিল জজ মোজাম্মেল হক।
এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ ছাড়া র্যালিতে অংশগ্রহণ করেন বাজিতপুর সিনিয়র সিভিল কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আ. ই. মো. ইসমাইল হোসেন শাকের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ ফাতহা, লিগ্যাল এইডের এজিপি অ্যাডভোকেট আব্দুর রহিম রেজু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান আলম, অ্যাডভোকেট কাজী মঞ্জুল হক রোকন, অ্যাডভোকেট বোরহানউদ্দিন, অ্যাডভোকেট কালি কিংকন বসাকসহ অন্যান্য আইনজীবীরা।
আয়োজকরা জানান, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করা, ন্যায়বিচারে সবার সমান অধিকার প্রতিষ্ঠা এবং আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এ দিবসের মূল লক্ষ্য।










