সরারচর বাজারে ‘হটস্পট’ অভিযান: নারীর কাছে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর বাজারে মাদকবিরোধী বিশেষ ‘হটস্পট’ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মোছা. রুমা আক্তার (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। একই অভিযানে ফয়সাল নামে এক মাদকসেবীকে আটক করা হয়েছে।
রোববার (৩ মে) রাত ৯টার দিকে সরারচর বাজারের ফাজিল ডিগ্রি মাদ্রাসা সংলগ্ন খালপাড় এলাকায় বাজিতপুর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রুমা আক্তার মৃত মতি মিয়ার মেয়ে ও মনির মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। আটক ফয়সালের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরারচর বাজার এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি হয়ে আসছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে। পাশাপাশি এলাকায় চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধও বৃদ্ধি পাচ্ছে বলে তারা দাবি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শ্যামল দত্ত জানান, প্রায় আধা ঘণ্টাব্যাপী অভিযানে রুমা আক্তার ও তার সহযোগী ফয়সালকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় মামলা দায়ের করে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল্লাহ বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরারচর বাজারসহ উপজেলার যেখানেই মাদকের তথ্য পাওয়া যাবে, সেখানেই নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, এলাকাবাসীর সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব।







