সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

অন্ধকার থেকে আলোর পথে: কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ

নূর আহাম্মদ পলাশ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
অন্ধকার থেকে আলোর পথে: কিশোরগঞ্জে মাদক ব্যবসায়ীদের আত্মসমর্পণ

কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট মসজিদসংলগ্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ, স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন এবং দেশীয় অস্ত্র জমাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েকজন নারীসহ একাধিক মাদক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে অবৈধ কার্যক্রম ছেড়ে নতুন জীবনে ফেরার অঙ্গীকার করেন।

রোববার (৩ মে) বিকেল ৫টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জহির আহমেদ, রুজি আক্তার, মো. সুজন, মোহাম্মদ নাদিম, শাহ আলমসহ আরও অনেকে আত্মসমর্পণ করেন। তারা প্রকাশ্যে মাদক ব্যবসা পরিত্যাগের ঘোষণা দেন এবং দেশীয় অস্ত্র জমা দেন।

আত্মসমর্পণকারী রুজি আক্তার বলেন, “আমি ও আমার স্বামী এই ব্যবসা ছেড়ে আলোর পথে ফিরে এসেছি। তবে আমার বড় ভাই এখনো এই কাজে জড়িত। তাকে এই পথ থেকে ফেরাতে প্রশাসনের সহযোগিতা চাই।”

অন্য আত্মসমর্পণকারীরা জানান, দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও তারা মানসিকভাবে অশান্তিতে ভুগতেন। তারা বলেন, “অবৈধ আয়ে অর্থ থাকলেও শান্তি ছিল না। এখন আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। তবে আমাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো বিবেচনার মাধ্যমে নিষ্পত্তি করে পুনর্বাসনের সুযোগ দেওয়া প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “মাদক ব্যবসা থেকে ফিরে আসার এই উদ্যোগ ইতিবাচক। তবে এটি স্থায়ী হতে হবে। কেউ যেন পুনরায় এ পথে না ফেরে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে। পাশাপাশি সমাজে পুনর্বাসনের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়টিও বিবেচনা করা হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম। তিনি বলেন, “কিশোরগঞ্জকে মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার। এ বিষয়ে জাতীয় পর্যায়েও আমরা কাজ করছি।”

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শরীফুল হক, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বড়বাজারের ব্যবসায়ী মাসুদুল হাসান, জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন এবং ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি নিশাদ ও সাধারণ সম্পাদক নওশাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আত্মসমর্পণের এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেককে অনুপ্রাণিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।

ইমন হত্যার বিচার দাবিতে হোসেনপুরে ফের বিক্ষোভ, দুই ঘণ্টা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
ইমন হত্যার বিচার দাবিতে হোসেনপুরে ফের বিক্ষোভ, দুই ঘণ্টা সড়ক অবরোধ

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজছাত্র তরিকুল ইসলাম ইমন হত্যার বিচার দাবিতে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

সোমবার (৪ মে) দুপুরে বিক্ষোভ মিছিলটি হোসেনপুর মডেল মসজিদ এলাকা থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষুব্ধ জনতা হাসপাতাল মোড়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

পরবর্তীতে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলামের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাতে হোসেনপুর বাজার এলাকার স্বর্ণ ব্যবসায়ী মাসুদ মীরের একমাত্র ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী তরিকুল ইসলাম ইমন নিখোঁজ হন। পরদিন (১৭ মার্চ) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রহ্মপুত্র নদের খুরশিদ মহল সেতুর নিচ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার ৪৯ দিন পেরিয়ে গেলেও হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবার ও স্থানীয়রা।

এর আগে একই দাবিতে গত ৬ এপ্রিল বিকেলে উপজেলা পরিষদ চত্বরে স্বর্ণ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

জেলা ছাত্রদল কমিটি ঘিরে বিক্ষোভ: শরিফুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ণ
জেলা ছাত্রদল কমিটি ঘিরে বিক্ষোভ: শরিফুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা

কিশোরগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদল কমিটিকে ঘিরে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। জেলা বিএনপির সভাপতি শরিফুল আলমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা।

সোমবার (৪ মে ২০২৬) দুপুরে ‘সর্বস্তরের মজলুম ছাত্রদল নেতৃবৃন্দ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গৌরাঙ্গবাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কেন্দ্র থেকে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার পর অস্বাভাবিকভাবে তা স্থগিত করা হয় এবং দীর্ঘদিন ধরে কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করা হয়। তাদের দাবি, পূর্বে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদককে বাদ দিয়ে এবং বিভিন্ন মহলের হস্তক্ষেপে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, অতীতে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের বর্তমান কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তারা রেদোয়ান রহমান ওয়াকিউরের নেতৃত্বে পূর্বের আন্দোলনের কথা উল্লেখ করে নতুন কমিটিকে “সিন্ডিকেটনির্ভর” আখ্যা দেন এবং তা প্রত্যাখ্যানের ঘোষণা দেন।

সমাবেশ থেকে বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একইসঙ্গে দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তারা বর্তমান কমিটি বাতিল করে রেদোয়ান রহমান ওয়াকিউরকে পুনর্বহালের দাবি জানান।

এ সময় শরিফুল আলম ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

করিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবন ও বিক্রির দায়ে কারাদণ্ড

হাবিবুর রহমান বিপ্লব প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
করিমগঞ্জে ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবন ও বিক্রির দায়ে কারাদণ্ড

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

সোমবার (৪ মে) পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় গাঁজা সেবন ও বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির। অভিযানে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবির এবং গুজাদিয়া আব্দুল হেকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ ফকির উপস্থিত ছিলেন।

এ সময় করিমগঞ্জ থানার একটি চৌকস পুলিশ দল আদালত পরিচালনা ও রায় বাস্তবায়নে সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বলেন, “মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।”

তিনি আরও জানান, মাদক, মাদকাসক্ত ও মাদক কারবারি সংক্রান্ত যে কোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, মাদকবিরোধী এই অভিযানে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসা লক্ষ্য করা গেছে।