‘জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপি’- কিশোরগঞ্জে ভিপি সোহেল
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) বিকেল ৫টায় শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন মুক্তমঞ্চে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল)-এর আয়োজনে অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁরা দেশের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমানের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধান আলোচকের বক্তব্যে ভিপি সোহেল বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও উন্নয়ন দর্শন আজও দেশের মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর যোগ্য উত্তরসূরি বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমুখী ও জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, সম্প্রতি হাওরাঞ্চলের কৃষকদের সঙ্গে মতবিনিময়ের সময় কৃষকরা নগদ সহায়তার চেয়ে খাল খননের দাবি বেশি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন। খাল পুনঃখনন করা গেলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা দীর্ঘমেয়াদে উপকৃত হবেন। তিনি বলেন, কৃষিবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।
দলের নেতাকর্মীদের উদ্দেশে ভিপি সোহেল বলেন, “যারা দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলের পাশে থেকেছেন, তাদের অবদান কখনোই মূল্যহীন হবে না। বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল হুসাইন, জেলা যুবদলের সভাপতি মুশতাক আহমেদ শাহীন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল, রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক মুর্শিদ উদ্দীন, যশোদল ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল আলম জোসেফ, সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও উন্নয়ন দর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা তাঁর আত্মত্যাগ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।










