দুই দিন পানির নিচে বীজতলা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে বড় ক্ষতি এড়াল কৃষক
টানা ভারী বৃষ্টিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফাইপুটা বিলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে শতাধিক কৃষকের ধানের বীজতলা পানির নিচে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের একমাত্র পথে স্থানীয় কয়েকজনের বাধার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত কৃষকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার তাৎক্ষণিক হস্তক্ষেপে পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পান কৃষকরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ পুমদী গ্রামের বারিক মাস্টারের বাড়ি-সংলগ্ন ফাইপুটা বিলে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপুল পরিমাণ পানি জমে যায়। বিলের পানি বের হওয়ার একমাত্র পথটি কয়েকজনের ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে হওয়ায় তারা পানি চলাচলে বাধা দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। ফলে জমে থাকা পানি নামতে না পেরে পুরো এলাকার বীজতলা টানা দুই দিন পানির নিচে ডুবে থাকে।
স্থানীয় কৃষকদের ভাষ্য, দক্ষিণ পুমদী এলাকার শতাধিক কৃষকের আমন ধানের রোপণ উপযোগী বীজতলা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। আরও এক দিন পানি জমে থাকলে পুরো বীজতলাই নষ্ট হয়ে যেত। এতে নতুন করে বীজতলা তৈরি করতে গিয়ে চলতি মৌসুমে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হতো।
এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই বৃহস্পতিবার ইউএনও কাজী নাহিদ ইভা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং পানি নিষ্কাশনে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ডেকে সতর্ক করেন। তিনি স্পষ্টভাবে জানান, জনস্বার্থে পানি নিষ্কাশনে কোনো ধরনের বাধা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনওর নির্দেশনার পরপরই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। এতে দ্রুত বিলের পানি কমতে শুরু করে এবং ডুবে থাকা বীজতলা থেকে পানি নেমে যেতে থাকে। এতে স্বস্তি ফিরে আসে দক্ষিণ পুমদীর শতাধিক কৃষকের মধ্যে।
স্থানীয় কৃষক রাব্বি মিয়া বলেন, “দুই দিন ধরে চোখের পানি ফেলছিলাম। পানি না নামলে সব শেষ হয়ে যেত। ইউএনও স্যার এসে নির্দেশ দেওয়ার পর এখন পানি নামছে। আমরা অনেকটা বাঁচলাম।”
আরেক কৃষক বলেন, “আমরা গরিব মানুষ। একটি বীজতলা নষ্ট হলে পুরো মৌসুমে ক্ষতির মুখে পড়তে হয়। ইউএনও স্যার সময়মতো না এলে আমরা বড় বিপদে পড়তাম।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, “কৃষকের ফসল রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। জনস্বার্থের কাজে কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুর্যোগের সময় সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নিতে উপজেলা কৃষি অফিস ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে নির্দেশ দেওয়া হয়েছে।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন বলেন, টানা বৃষ্টিতে পুমদী, সিদলা ও জিনারী ইউনিয়নের নিচু এলাকার কিছু ধানের বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দক্ষিণ পুমদীর ঘটনায় ইউএনওর দ্রুত হস্তক্ষেপের কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।











Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array