করিমগঞ্জে র্যাবের অভিযানে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
গ্রেপ্তার হওয়া নারী হলেন মানিকগঞ্জ জেলার বাসিন্দা নাজমা আক্তার (৩৮)।
র্যাব জানায়, সরকারের ঘোষিত মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গিবাদ দমন এবং বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৬ জুলাই) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে র্যাব সদস্যরা ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় পথচারীর ছদ্মবেশে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন নাজমা আক্তার। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা তাকে আটক করেন।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হলে তিনি নিজের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করেন বলে র্যাব জানায়।
তার দেওয়া তথ্য ও দেখানো মতে একটি ট্রাভেলিং ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের দাবি, মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array