ভৈরবে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে ভাঙা সড়ক মেরামতে নেমেছেন এলাকাবাসী
কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকায় জনদুর্ভোগ কমাতে শনিবার (১১ জুলাই) থেকে সংস্কারকাজ শুরু করেন তাঁরা।
শনিবার দুপুর ১২টার দিকে ভৈরব পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চন্ডিবেড়-কালিপুর সংযোগ সড়কের প্রায় আধা কিলোমিটার অংশে সংস্কারকাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আধা কিলোমিটার দীর্ঘ চন্ডিবেড়-কালিপুর সংযোগ সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ সড়ক দিয়ে দুটি ইউনিয়ন এবং পৌর এলাকার কয়েকটি গ্রামের মানুষ ভৈরব বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। সম্প্রতি এক প্রসূতি নারী এ সড়ক দিয়ে হাসপাতালে যাওয়ার পথে যানবাহনের অতিরিক্ত ঝাঁকুনিতে প্রসববেদনায় আক্রান্ত হন এবং পথেই তাঁর সন্তান জন্ম নেয়। ঘটনাটি সড়কের দুরবস্থার একটি করুণ চিত্র তুলে ধরে।
এলাকাবাসী জানান, সড়কটির উন্নয়নকাজের জন্য টেন্ডার হলেও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। বর্ষার বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। এতে প্রতিদিন হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা নিজস্ব অর্থ সংগ্রহ করে এবং স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাবিশ, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী ব্যবহার করে সড়কটি সাময়িকভাবে চলাচলযোগ্য করার উদ্যোগ নেন। শনিবার থেকে তাঁরা রোলার দিয়ে সড়ক সমতলকরণসহ সংস্কারকাজ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, বর্তমানে সড়কটি দিয়ে নিরাপদে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। রাস্তার পাশের ড্রেন ভেঙে যাওয়ার পাশাপাশি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পানি উপচে আশপাশের বসতবাড়িতে ঢুকে পড়ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকিও তৈরি হয়েছে।
তাঁদের দাবি, সড়কটি বর্তমানে অত্যন্ত সংকীর্ণ। এক পাশে ড্রেন থাকলেও অন্য পাশে কোনো ড্রেন নেই। ফলে দ্রুত সড়কটি প্রশস্ত করার পাশাপাশি অপর পাশে একটি নতুন ড্রেন নির্মাণ করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ বলেন, “কালিপুরবাসী অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের কাজ শুরু করেছেন। সড়কটিতে আরও কিছু উন্নয়নকাজ প্রয়োজন। পৌরসভার পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হবে, যাতে অন্তত সাময়িকভাবে এটি চলাচলের উপযোগী করা যায়।”
তিনি আরও বলেন, “এটি অত্যন্ত ব্যস্ত একটি সড়ক। প্রতিনিয়ত অসংখ্য যানবাহন এ পথে চলাচল করে। শুধু এই সড়ক নয়, পাশের কবরস্থান, ঈদগাহ মাঠ এবং বিল এলাকায় জলাবদ্ধতার সমস্যাও রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার চেষ্টা করা হবে।”
স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত স্থায়ীভাবে সড়কটি পুনর্নির্মাণ ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলবে। ততদিন পর্যন্ত নিজেদের উদ্যোগে শুরু করা এই সংস্কারকাজ সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমাবে।








Warning: Array to string conversion in /home/dkishoreganj/public_html/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array