রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
[gtranslate]
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

কটিয়াদীতে শফিকুল ইসলাম হত্যা: সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ ই-পেপার প্রিন্ট ভিউ
কটিয়াদীতে শফিকুল ইসলাম হত্যা: সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঝিড়াপাড়া এলাকায় প্রবাসফেরত অটোরিকশাচালক শফিকুল ইসলাম হত্যা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার ঝিড়াপাড়া এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং নারী-পুরুষসহ বিপুলসংখ্যক এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শফিকুল ইসলাম হত্যা মামলার তদন্তকে একটি স্বার্থান্বেষী মহল ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাঁদের আশঙ্কা, এমন পরিস্থিতিতে প্রকৃত অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যেতে পারে।

তারা বলেন, দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তদন্তের স্বার্থে কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই ছাড় না পান, সে বিষয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঝিড়াপাড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা শফিকুল ইসলাম হত্যার সুষ্ঠু বিচার, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “মানববন্ধনের বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। এ বিষয়ে আমাকে কেউ অবহিত করেননি। এছাড়া শফিকুল ইসলাম হত্যা মামলার তদন্ত বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) করছে। প্রায় ১০ থেকে ১২ দিন আগে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তাই তদন্তের অগ্রগতি বা মামলার বিষয়ে মন্তব্য করার এখতিয়ার আমার নেই।”

উল্লেখ্য, গত ২৭ জুন পারিবারিক জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে তাঁর পরিবারের অভিযোগ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

নিহত শফিকুল ইসলাম কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়াপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে তিনি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এসএসসি ও সমমানের ফল আগামীকাল; ফল জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
এসএসসি ও সমমানের ফল আগামীকাল; ফল জানবেন যেভাবে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে। সারা দেশে একযোগে এ ফল প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

শনিবার এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।

তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের রেওয়াজ রয়েছে। সেই হিসাবে এর আগে ২০ জুলাই ফল প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষার জন্য ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার জন্য ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে।

ফল জানবেন যেভাবেঃ

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, নির্ধারিত দিনে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। পাশাপাশি মুঠোফোনে এসএমএস পাঠিয়েও পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

এসএমএসে ফল জানতে যেকোনো মুঠোফোন অপারেটরের সিম ব্যবহার করা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আবার স্পেস দিয়ে YEAR লিখতে হবে। এরপর সেটি ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের ফরম্যাট হবে-

SSC DHA ROLL YEAR

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের ফল জানতে লিখতে হবে-

SSC MAD ROLL YEAR

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের ক্ষেত্রে ফরম্যাট হবে-

SSC TEC ROLL YEAR

তিন ক্ষেত্রেই এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে।

সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর আবেদন সিআইডির

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
সালমান শাহ হত্যা মামলা: ডনকে কারাগারে পাঠানোর আবেদন সিআইডির

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (৯ আগস্ট) বিকেলে ডনকে আদালতে হাজির করা হয়। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় রাখা হয়। তার বিরুদ্ধে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক আরিফুর রহমান। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিআইডির আবেদনে বলা হয়েছে, রোববার ভোর ৫টার দিকে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে এ মামলায় পলাতক ছিলেন। তাকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।

আবেদনে আরও বলা হয়, ডন জামিনে মুক্ত হলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে এবং তিনি পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাঁর মৃত্যুর ঘটনায় ওই সময় অপমৃত্যুর মামলা করেন তাঁর বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী।

পরবর্তী সময়ে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ তুলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যার অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।

১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। একই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালত ওই চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেন।

পরে সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন সালমান শাহের বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী। সবশেষ গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা করেন সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর। মামলায় সালমান শাহের স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন—শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, খলনায়ক আশরাফুল হক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। মামলায় আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর বোন নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), ভগ্নিপতি কমরউদ্দিন আহমদ চৌধুরী এবং তাঁদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, সালমান ঘুমাচ্ছেন।

কিছুক্ষণ পর প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে সালমানের কিছু হয়েছে বলে জানান। এরপর পরিবারের সদস্যরা দ্রুত বাসায় ফিরে সালমানকে শয়নকক্ষে নিথর অবস্থায় দেখতে পান। অভিযোগে বলা হয়েছে, ওই সময় কয়েকজন বহিরাগত নারী তাঁর হাত-পায়ে তেল মালিশ করছিলেন এবং পাশের কক্ষে সামীরার আত্মীয় রুবি বসেছিলেন।

অভিযোগ অনুযায়ী, সালমানের মা তাঁকে হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর গলায় দড়ির দাগ এবং মুখমণ্ডল ও পায়ে নীলচে দাগ দেখতে পান স্বজনরা। পরে তাঁকে হলি ফ্যামিলি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সালমান শাহকে মৃত ঘোষণা করেন।

সালমান শাহের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে এর আগে গত ২০ মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

পরে ২৪ মে সালমান শাহের মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দেন আদালত। এর পর বাদীপক্ষ মরদেহ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করলে আদালত তা নথিভুক্ত করেন।

পরে গত ২২ জুন দেহাবশেষ উত্তোলনের কার্যক্রম পরিচালনার জন্য সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ-সংক্রান্ত আদেশের অনুলিপি আদালতে দাখিল করা হলে তা নথিভুক্ত করা হয়।

মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৮৭৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট মৃত ৮৭৩

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৮ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭৩ জনে।

রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৯৮৮ রোগী। এ সময়ে ৯৩৮ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছে ৯৪২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গযুক্ত সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যার তুলনায় অনেক বেশি। ফলে উপসর্গযুক্ত রোগীদের শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা এবং রোগের প্রকৃত কারণ নির্ণয়ে নজরদারি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


Warning: Constant WP_USE_THEMES already defined in /home/dkishoreganj/public_html/index.php on line 41